রিপোর্টার্স২৪ ডেস্ক: দীর্ঘ ১৭ বছর পর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে প্রত্যাবর্তনকে স্বাগত জানিয়েছেন জাতীয় পার্টি ও জাতীয় গণতান্ত্রিক ফ্রন্টের শীর্ষ নেতারা। তারা মনে করছেন, তার এই প্রত্যাবর্তনের মাধ্যমে দেশে একটি অন্তর্ভুক্তিমূলক ও অংশগ্রহণমূলক নির্বাচনের অনুকূল পরিবেশ সৃষ্টি হতে পারে।
বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) বিকেলে এক যৌথ বিবৃতিতে জাতীয় পার্টি ও জাতীয় গণতান্ত্রিক ফ্রন্টের চেয়ারম্যান আনিসুল ইসলাম মাহমুদ এবং জাতীয় পার্টির মহাসচিব ও ফ্রন্টের মুখপাত্র এবিএম রুহুল আমিন হাওলাদার তারেক রহমানকে স্বাগত জানান।
বিবৃতিতে নেতারা বলেন, দেশের জনগণ দীর্ঘদিন ধরে গণতান্ত্রিক অধিকার, ভোটাধিকার ও জবাবদিহিমূলক শাসনব্যবস্থার জন্য আকাঙ্ক্ষা প্রকাশ করে আসছে। বিশেষ করে ২০২৪ সালের গণআকাঙ্ক্ষা বাস্তবায়নের লক্ষ্যে সব গণতান্ত্রিক শক্তির সম্মিলিত উদ্যোগ ও দায়িত্বশীল ভূমিকা অপরিহার্য।
তারা আশা প্রকাশ করেন, তারেক রহমানের দেশে প্রত্যাবর্তন একটি অন্তর্ভুক্তিমূলক, অংশগ্রহণমূলক ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনের পথে ইতিবাচক ভূমিকা রাখবে। একই সঙ্গে তিনি জনগণের ন্যায্য আকাঙ্ক্ষা পূরণে এবং গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠায় গঠনমূলক ভূমিকা রাখবেন বলেও প্রত্যাশা ব্যক্ত করেন নেতারা।
বিবৃতিতে আরও বলা হয়, জাতীয় স্বার্থে সব রাজনৈতিক দলের মধ্যে সংযম, ধৈর্য, পারস্পরিক শ্রদ্ধা ও সংলাপের মাধ্যমে একটি স্থিতিশীল, গণতান্ত্রিক এবং জনগণের আস্থাভাজন রাজনৈতিক পরিবেশ গড়ে তোলাই সময়ের দাবি।
রিপোর্টার্স২৪/এসসি