রিপোর্টার্স ২৪ডেস্ক: তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে রাজধানীতে বিপুল জনসমাগমের কারণে নাগরিক দুর্ভোগ সৃষ্টির ঘটনায় দুঃখ প্রকাশ করেছে বিএনপি। একই সঙ্গে সংবর্ধনা শেষে জুলাই ৩৬ এক্সপ্রেসওয়েসহ আশপাশের এলাকায় পরিচ্ছন্নতা অভিযান চালানো হয়েছে।
শুক্রবার (২৬ ডিসেম্বর) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ দুঃখপ্রকাশ করা হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) দীর্ঘ ১৭ বছর পর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান পরিবারসহ স্বদেশ প্রত্যাবর্তন করেন। তাকে অভ্যর্থনা জানাতে সারা দেশ থেকে লাখ লাখ মানুষ ঢাকায় আসেন। এতে রাজধানী কার্যত জনসমুদ্রে পরিণত হয়।
বিএনপি জানায়, ঢাকায় বিপুলসংখ্যক মানুষের উপস্থিতির কারণে স্বাভাবিক জনজীবনে যে কষ্ট ও দুর্ভোগ তৈরি হয়েছে, তাতে দলটি গভীরভাবে মর্মাহত। এ অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির জন্য বিএনপি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছে।
এদিকে সংবর্ধনা অনুষ্ঠান শেষে রাজধানীর জুলাই ৩৬ এক্সপ্রেসওয়ের বিভিন্ন স্থানে ছড়িয়ে থাকা ময়লা-আবর্জনা পরিষ্কার করতে স্বেচ্ছাশ্রমে পরিচ্ছন্নতা অভিযান চালায় ঢাকা মহানগর উত্তর বিএনপি। শুক্রবার সকাল থেকেই বর্জ্য অপসারণের কাজ শুরু হয়।
ভোরে মঞ্চসংলগ্ন এলাকায় ভাঙা গাছ, সড়ক ও আশপাশে পড়ে থাকা খাবারের প্যাকেট, পলিথিন, প্লাস্টিকের বোতল, বাঁশ, প্ল্যাকার্ড, কাঠ ও ব্যানার সংগ্রহ করে নির্ধারিত স্থানে সরিয়ে নেওয়া হয়। এ অভিযানে ঢাকা মহানগর উত্তর বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।
এর আগে বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে বিএনপির মিডিয়া সেল থেকে জানানো হয়, তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে আয়োজিত জনসমাবেশের ফলে সৃষ্টি হওয়া বর্জ্য অপসারণ করবে ঢাকা মহানগর উত্তর বিএনপি।
রিপোর্টার্স২৪/এসসি