সাভার প্রতিনিধি: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে স্বাগত জানাতে সাভারের জাতীয় স্মৃতিসৌধ এলাকায় নেতাকর্মীদের সর্বোচ্চ উপস্থিতি দেখা গেছে। সকাল থেকেই শীত উপেক্ষা করে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা স্মৃতিসৌধ প্রাঙ্গণে অবস্থান নিয়েছেন। এছাড়া ঢাকা-আরিচা মহাসড়কের আমিনবাজার থেকে স্মৃতিসৌধ পর্যন্ত রাস্তার দুই পাশে হাজার হাজার নেতাকর্মী ব্যানার, ফেস্টুন ও প্ল্যাকার্ড হাতে দাঁড়িয়ে অবস্থান নিয়েছে।
জাতীয় স্মৃতিসৌধ কর্তৃপক্ষ তারেক রহমানের আগমনের জন্য পুরো প্রাঙ্গণ সাজিয়েছে। নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং আশপাশের এলাকায় জনসাধারণের চলাচল সীমিত রাখা হয়েছে।
দীর্ঘ ১৭ বছর পর স্বদেশ প্রত্যাবর্তনের দিন শুক্রবার (২৬ ডিসেম্বর) সাভার-আশুলিয়ার বিএনপি নেতাকর্মীরাও ব্যাপক প্রস্তুতি নিয়েছেন। ঢাকা-আরিচা মহাসড়কের বিভিন্ন পয়েন্টে দলীয় ব্যানার, ফেস্টুন ও বিলবোর্ড স্থাপন করা হয়েছে। যাওয়া ও ফেরার পথে প্রতিটি পয়েন্টে নেতাকর্মীরা ফুল দিয়ে প্রিয় নেতাকে শুভেচ্ছা জানাবেন।
বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-পরিবার পরিকল্পনা বিষয়ক সম্পাদক এবং ঢাকা-১৯ থেকে সংসদ প্রার্থী ডা. দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু বলেন, “প্রায় ৫০ হাজার নেতাকর্মী ঢাকা-আরিচা মহাসড়কের উভয়পাশে অবস্থান করবেন। এছাড়া জাতীয় স্মৃতিসৌধ ও আশপাশের এলাকায় এক লক্ষাধিক নেতাকর্মী সমাগম করবেন।”
স্মৃতিসৌধের ইনচার্জ আনোয়ার হোসেন খান আনু জানান, পুরো প্রাঙ্গণ পরিস্কার-পরিচ্ছন্ন করা হয়েছে, লেকও পরিষ্কার করা হয়েছে এবং সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার আরাফাতুল ইসলাম বলেন, “চার স্তরের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। সাদা পোশাকসহ বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্য ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর এক হাজার সদস্য দায়িত্বে থাকবেন।”
বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, জুমার নামাজের পর শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে সূরা ফাতেহা পাঠ ও মোনাজাতে অংশ নেবেন তারেক রহমান। এরপর তিনি জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করবেন।
এর আগে বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) সকালে তারেক রহমান, তার স্ত্রী জোবায়দা রহমান ও কন্যা জাইমা রহমানকে বহনকারী বিমান সকাল ১১:৪০ মিনিটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। বিমানবন্দরে দলের জ্যেষ্ঠ নেতারা তাকে স্বাগত জানান। দুপুর সাড়ে ১২টার দিকে বিমানবন্দর থেকে বের হয়ে খালি পায়ে মাটি স্পর্শ করেন তারেক রহমান।
রিপোর্টার্স২৪/আয়েশা