স্টাফ রিপোর্টার : প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের অধীনে অনুষ্ঠিত হতে যাওয়া হিসাব সহকারী পদে নিয়োগ পরীক্ষা হঠাৎ করে স্থগিত ঘোষণা করা হয়েছে। অনিবার্য কারণ দেখিয়ে শুক্রবার (২৬ ডিসেম্বর) অনুষ্ঠেয় এই পরীক্ষা বাতিল করা হয়।
প্রাথমিক শিক্ষা অধিদপ্তর থেকে শুক্রবার জারি করা এক বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আজকের নির্ধারিত পরীক্ষা আর অনুষ্ঠিত হবে না এবং পরীক্ষার্থীদের সাময়িকভাবে অপেক্ষা করতে অনুরোধ জানানো হয়েছে।
তবে পরীক্ষাটি স্থগিত করা হলেও নতুন তারিখ ও সময় এখনো চূড়ান্ত করা হয়নি। কর্তৃপক্ষ জানিয়েছে, পরবর্তী সময়ে পরীক্ষার সংশোধিত সময়সূচি জানিয়ে দেওয়া হবে। হঠাৎ করে পরীক্ষা স্থগিত হওয়ায় অনেক পরীক্ষার্থী বিভ্রান্তি ও হতাশা প্রকাশ করেছেন। সংশ্লিষ্টরা আশা করছেন, খুব শিগগিরই নতুন তারিখ ঘোষণা করে পরীক্ষার্থীদের অনিশ্চয়তা দূর করা হবে।
রিপোর্টার্স২৪/ঝুম