সিনিয়র রিপোর্টার: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবর জিয়ারত করেছেন। শুক্রবার বিকেল পৌনে ৫টার দিকে তিনি জিয়া উদ্যানে পৌঁছান।
কবর জিয়ারতের সময় তারেক রহমানের সঙ্গে ছিলেন বিএনপির শীর্ষস্থানীয় নেতাসহ অসংখ্য নেতাকর্মী। জিয়ার কবর জিয়ারতের পর তিনি সাভারের জাতীয় স্মৃতিসৌধে গিয়ে ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করবেন।
এর আগে, দীর্ঘ ১৭ বছরের নির্বাসনের পর বৃহস্পতিবার দুপুরে লন্ডন থেকে সিলেট হয়ে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তারেক রহমান। সঙ্গে ছিলেন তার স্ত্রী ডা. জুবাইদা রহমান ও একমাত্র মেয়ে ব্যারিস্টার জাইমা রহমান। বিমানবন্দর থেকে সর্বোচ্চ নিরাপত্তা ও প্রটোকলে বুলেটপ্রুফ বাসে করে তিনি পূর্বাচলের সংবর্ধনা মঞ্চে পৌঁছান। এ সময় রাস্তার দুই ধারে নেতাকর্মী ও সমর্থকদের ঢল নামে।
সম্মেলনের অংশ হিসেবে তার আগমনকে ঘিরে সমাধিসৌধ এলাকায় বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, রাজকীয় প্রত্যাবর্তনের মধ্য দিয়ে জনগণ সাদরে গ্রহণ করেছে তারেক রহমানকে। তার নেতৃত্বে বাংলাদেশ সত্যিকার অর্থে গণতান্ত্রিক রাষ্ট্রে পরিণত হবে।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস আশা প্রকাশ করেছেন, তারেক রহমানের আগমনে নির্বাচনকেন্দ্রিক জটিলতা ও দেশের সব ধোঁয়াশা কাটিয়ে ওঠা সম্ভব হবে।
রিপোর্টার্স২৪/এসসি