| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

তারেক রহমানের বক্তব্য নিয়ে ভারতীয় গণমাধ্যমে অপপ্রচার: বাংলাফ্যাক্ট

reporter
  • আপডেট টাইম: ডিসেম্বর ২৬, ২০২৫ ইং | ১৭:৫৮:২৬:অপরাহ্ন  |  ৯৫৫০২৬ বার পঠিত
তারেক রহমানের বক্তব্য নিয়ে ভারতীয় গণমাধ্যমে অপপ্রচার: বাংলাফ্যাক্ট
ছবির ক্যাপশন: ছবি: সংগৃহীত

রিপোর্টার্স২৪ ডেস্ক: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বক্তব্য নিয়ে ভারতীয় একটি গণমাধ্যমে অপপ্রচার চালানো হয়েছে বলে জানিয়েছে প্রেস ইনস্টিটিউট বাংলাদেশের (পিআইবি) ফ্যাক্টচেক ও মিডিয়া রিসার্চ টিম বাংলাফ্যাক্ট।

শুক্রবার (২৬ ডিসেম্বর) বাংলাফ্যাক্ট জানায়, তারেক রহমানের পুরো ভাষণে ভারত নিয়ে কোনো মন্তব্যই ছিল না। অথচ ভারতীয় গণমাধ্যম এবিপি আনন্দ অপ্রাসঙ্গিকভাবে শিরোনামে ‘ভারত নিয়ে পরিকল্পনা’ যুক্ত করে বিভ্রান্তিকর সংবাদ প্রকাশ করেছে। প্রতিবেদনে এই দাবির পক্ষে কোনো প্রমাণ বা ব্যাখ্যা উপস্থাপন করা হয়নি।

বাংলাফ্যাক্টের অনুসন্ধান অনুযায়ী, এবিপি আনন্দ তারেক রহমানের বক্তব্যের ‘আই হ্যাভ আ প্ল্যান’ অংশটুকু আলাদা করে ব্যবহার করে বিভ্রান্তিকর শিরোনাম তৈরি করেছে। বাস্তবে তারেক রহমানের বক্তব্যে ভারতকে নিয়ে কোনো পরিকল্পনার কথা বলা হয়নি, বরং বক্তব্যের একটি অংশ বিকৃতভাবে উপস্থাপন করে সংবাদটি প্রকাশ করা হয়েছে।

গত ২৫ ডিসেম্বর দীর্ঘ ১৭ বছর পর দেশে ফেরেন তারেক রহমান। দেশে ফিরে রাজধানীর পূর্বাচলের ৩০০ ফিট এলাকায় আয়োজিত গণসংবর্ধনায় তিনি ভবিষ্যৎ বাংলাদেশ গড়ার বিষয়ে নিজের একটি পরিকল্পনার কথা উল্লেখ করেন। পরিকল্পনাটি বিস্তারিতভাবে তুলে ধরেননি, তবে বাস্তবায়নের জন্য দেশের সব স্তরের মানুষের সহযোগিতা চান।

বক্তব্যে তিনি যুক্তরাষ্ট্রের বর্ণবৈষম্যবিরোধী আন্দোলনের নেতা মার্টিন লুথার কিং জুনিয়রের ঐতিহাসিক ‘আই হ্যাভ আ ড্রিম’ ভাষণের প্রসঙ্গ টেনে বলেন, “আজ এই বাংলাদেশের মাটিতে দাঁড়িয়ে আমি বলতে চাই- আই হ্যাভ আ প্ল্যান, ফর দ্য পিপল অব মাই কান্ট্রি, ফর মাই কান্ট্রি।”

তবে এবিপি আনন্দ ‘আই হ্যাভ অ্যা প্ল্যান... বাংলাদেশে ফিরেই বিস্ফোরক খালেদা পুত্র, ভারতকে নিয়ে পরিকল্পনা?’- শিরোনামে সংবাদ প্রকাশ করে, যা সম্পূর্ণ বিভ্রান্তিকর ও ভিত্তিহীন বলে জানিয়েছে বাংলাফ্যাক্ট।

ফ্যাক্টচেকিং প্রতিষ্ঠানগুলো জানায়, গত এক বছরে ভারতীয় গণমাধ্যম ও ভারত থেকে পরিচালিত সামাজিক যোগাযোগমাধ্যম অ্যাকাউন্টগুলো থেকে বাংলাদেশকে কেন্দ্র করে ভুয়া তথ্য ও অপতথ্য ছড়ানোর প্রবণতা বেড়েছে। এসব অপপ্রচার বিশেষ করে অন্তর্বর্তী সরকার ও ২০২৪ সালের আন্দোলনে অংশ নেওয়া দল ও সংগঠনগুলোকে লক্ষ্য করে চালানো হচ্ছে।

বাংলাফ্যাক্ট আরও জানায়, ইন্টারনেটে ছড়িয়ে পড়া শত শত ভুয়া ও বিভ্রান্তিকর তথ্য ইতোমধ্যে শনাক্ত করা হয়েছে এবং নিয়মিতভাবে গুজব ও অপতথ্য প্রতিরোধে কাজ চালিয়ে যাচ্ছে প্রতিষ্ঠানটি।

রিপোর্টার্স২৪/আয়েশা

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪