রিপোর্টার্স২৪ ডেস্ক: ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) রাজধানীর ৩০০ ফিট এলাকায় আয়োজিত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন সংবর্ধনা অনুষ্ঠানের পর মোট ১৪৮ টন বর্জ্য অপসারণ করেছে।
ডিএনসিসি প্রশাসক মোহাম্মদ এজাজ রাতের ঘুম ভেঙে সকাল থেকে দ্রুত বর্জ্য অপসারণের নির্দেশনা দেন। নির্দেশনা অনুযায়ী শুক্রবার (২৬ ডিসেম্বর) সকাল থেকে সমাবেশস্থল থেকে বর্জ্য অপসারণের জন্য একটি বিশেষ পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়। এতে ডিএনসিসির ৩৫০ জন পরিচ্ছন্নতাকর্মী অংশগ্রহণ করেন।
পরিচ্ছন্নতা অভিযানের অংশ হিসেবে ২০টি ট্রাক ব্যবহার করে মোট ১৪৮টি ট্রিপে সংগৃহীত বর্জ্য রাজধানীর আমিনবাজার ল্যান্ডফিলে নিরাপদভাবে ডাম্পিং করা হয়। দুপুরের মধ্যেই পুরো সমাবেশস্থল পরিষ্কার হয়ে জনসাধারণের চলাচলের উপযোগী করা হয়।
অভিযানের সময় সকাল ১০টা থেকে বিএনপির স্থানীয় কয়েকজন নেতাকর্মী স্বেচ্ছায় পরিচ্ছন্নতাকর্মীদের সঙ্গে যুক্ত হয়ে পরিচ্ছন্নতা কাজে সহযোগিতা করেন।
ডিএনসিসি প্রশাসক মোহাম্মদ এজাজ বলেন, “সকাল থেকে আমাদের পরিচ্ছন্নতাকর্মীরা এবং রাজনৈতিক নেতাকর্মীরা যে কঠোর পরিশ্রম করেছেন, তাদের প্রতি আমরা কৃতজ্ঞ। সকলের সম্মিলিত অংশগ্রহণে আমরা এই শহরকে পরিচ্ছন্ন রাখতে পারব। যেকোনো উৎসব বা বড় জনসমাগমের পর নগর প্রশাসনের সঙ্গে সাধারণ মানুষ ও রাজনৈতিক কর্মীরা যদি পরিচ্ছন্নতার কাজে যুক্ত হন, তাহলে শহরকে আরও বাসযোগ্য করা সহজ হবে।”
উল্লেখ্য, দীর্ঘ ১৭ বছর পর দেশে ফেরার পর তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে আয়োজিত এই সংবর্ধনা অনুষ্ঠানে বিপুলসংখ্যক মানুষ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে সৃষ্ট বর্জ্য দ্রুত অপসারণ করে পরিবেশ পরিচ্ছন্ন রাখা ডিএনসিসির লক্ষ্য ছিল।
রিপোর্টার্স২৪/আয়েশা