স্টাফ রিপোর্টার:শাহবাগে ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা শহিদ ওসমান হাদির খুনিদের দ্রুত গ্রেপ্তার ও বিচারের দাবিতে অবস্থান কর্মসূচি চালিয়ে যাচ্ছেন।
সংগঠনটির সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের জানিয়েছেন, সরকারের উপদেষ্টারা জনগণের সামনে দাঁড়িয়ে জবাব না দেওয়া পর্যন্ত আমরা এই স্থান ছাড়ব না। প্রয়োজনে জীবন দিয়েও এই অবস্থান ধরে রাখব।
শুক্রবার (২৬ ডিসেম্বর) জুমার নামাজের পর নেতাকর্মী, সাধারণ শিক্ষার্থী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ থেকে বিক্ষোভ মিছিল নিয়ে শাহবাগ মোড়ে পৌঁছে যান। এ সময় শাহবাগ এলাকায় যান চলাচল বন্ধ হয়ে যায়।
আব্দুল্লাহ আল জাবের আরও বলেন, শহিদ ওসমান হাদির রক্তের বিচার আদায়ের দাবিতেই আমরা রাজপথে নেমেছি। সাধারণ মানুষ যত দিন আত্মমর্যাদা নিয়ে বাঁচতে পারবে না এবং একজন নারী যত দিন হিজাব পরে স্বাধীনভাবে চলাচল করতে পারবে না, তত দিন প্রকৃত স্বাধীন বাংলাদেশ প্রতিষ্ঠিত হবে না।
তিনি সরকারের উপদেষ্টাদের জনগণের সামনে সরাসরি জবাবদিহি নিশ্চিত না হওয়া পর্যন্ত অবস্থান কর্মসূচি চলবে বলে জানান।
রিপোর্টার্স২৪/এসসি