রিপোর্টার্স২৪ ডেস্ক: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং তার কন্যা জাইমা রহমান ভোটার হওয়ার জন্য অনলাইন ফরম পূরণ করেছেন। তারা ভোটার হবেন ঢাকা-১৭ আসনের গুলশান এলাকার ডিএনসিসি ১৯ নম্বর ওয়ার্ডে। ভোটার নিবন্ধন শেষ হওয়ার ৫ থেকে ২৪ ঘণ্টার মধ্যে তারা জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সংগ্রহ করতে পারবেন।
শনিবার (২৭ ডিসেম্বর) জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক এএসএম হুমায়ুন কবীর সাংবাদিকদের বলেন, তারা অনলাইনে ফরম পূরণ করেছেন। এখন আমাদের কাছে এসে কেবল আঙুলের ছাপ ও চোখের আইরিশ দিয়ে নিবন্ধন সম্পন্ন করবেন। এরপর সফটওয়্যার স্বয়ংক্রিয়ভাবে তথ্য সার্ভারে যাচাই করবে। যদি তথ্য অন্য কারও সঙ্গে ম্যাচ না করে, তাহলে ৫ থেকে ২৪ ঘণ্টার মধ্যে এনআইডি নম্বর জেনারেট হবে।
তিনি আরও জানান, এনআইডি সংগ্রহের ক্ষেত্রে কেউ তাদের হাতে দিতে পারবেন না। তবে মোবাইলে মেসেজের মাধ্যমে এনআইডি ডাউনলোড করা সম্ভব।
শনিবার দুপুরেই তারেক রহমানের নিবন্ধন সম্পন্ন হওয়ার কথা রয়েছে।
রিপোর্টার্স২৪/ঝুম