রিপোর্টার্স২৪ ডেস্ক: ইনকিলাব মঞ্চ শহীদ মুখপাত্র শরীফ ওসমান হাদির হত্যার বিচারের দাবিতে রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করে অবস্থান কর্মসূচি পালন করছে।
শনিবার (২৭ ডিসেম্বর) বেলা সাড়ে ১২টায় ইনকিলাব মঞ্চের নেতাকর্মীসহ ছাত্র জনতা শহীদ হাদি চত্বরে এসে অবস্থান নেন। এর আগে শুক্রবার (২৬ ডিসেম্বর) জুমার নামাজের পর ইনকিলাব মঞ্চের নেতাকর্মী, সাধারণ শিক্ষার্থী ও জনতা ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ থেকে বিক্ষোভ মিছিল নিয়ে শাহবাগ মোড়ে এসে অবস্থান নেন।
ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আবদুল্লাহ আল জাবের জানিয়েছেন, হাদির হত্যার বিচার না হওয়া পর্যন্ত তারা শাহবাগ অবরোধ অব্যাহত রাখবেন। এই ধারাবাহিকতায় তারা শাহবাগ চত্বরের রাত্রিযাপনও করেছেন।
তবে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের শহীদ ওসমান হাদির কবর জিয়ারতের কারণে শাহবাগ মোড়ে অবস্থানরত ইনকিলাব মঞ্চের কর্মীরা সাময়িকভাবে ডানদিকে সরে গিয়ে আজিজ সুপারমার্কেটের সামনে অবস্থান নেন।
এরপর দুপুর সাড়ে ১২টায় তারা পুনরায় শাহবাগ মোড়ে শহীদ হাদি চত্বরে অবস্থান নেন এবং হাদির হত্যার বিচারের দাবিতে নানা স্লোগান দেন।
রিপোর্টার্স২৪/ঝুম