রিপোর্টার্স২৪ ডেস্ক: গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক পদ থেকে পদত্যাগ করে বিএনপিতে যোগ দিয়েছেন মো. রাশেদ খান। শনিবার (২৭ ডিসেম্বর) রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের হাতে ফুল দিয়ে আনুষ্ঠানিকভাবে তিনি বিএনপিতে যোগদান করেন।
যোগদান অনুষ্ঠানে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ঝিনাইদহ-৪ (কালীগঞ্জ ও সদর উপজেলার আংশিক) আসনে বিএনপির মনোনীত প্রার্থী হিসেবে মো. রাশেদ খান ধানের শীষ প্রতীকে নির্বাচন করবেন। তিনি দলের নেতাকর্মীদের রাশেদ খানকে সর্বাত্মক সহযোগিতা করার আহ্বান জানান।
এদিকে, গণ অধিকার পরিষদও রাশেদ খানের বিএনপিতে যোগ দিয়ে নির্বাচনে অংশ নেওয়ার বিষয়ে আনুষ্ঠানিক অনুমোদন দিয়েছে। দলটির সিদ্ধান্ত অনুযায়ী, নির্বাচনী কৌশলের অংশ হিসেবেই ঝিনাইদহ-৪ আসনে ধানের শীষ প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করবেন তিনি।
এ বিষয়ে শুক্রবার রাতে গণমাধ্যমকে গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর বলেন, ‘ফ্যাসিবাদের পতনের লক্ষ্যে বিগত সরকারের বিরুদ্ধে আমরা একসঙ্গে আন্দোলন করেছি। ফ্যাসিবাদ পতন-পরবর্তী নতুন বাংলাদেশ গড়তে আমরা রাষ্ট্র সংস্কারের পথে এগোচ্ছি। সে লক্ষ্যেই আমরা একসঙ্গে নির্বাচন করব এবং ভবিষ্যতে জাতীয় সরকার গঠনের দিকেও যাব।’
তিনি আরও বলেন, যেহেতু যুগপৎ আন্দোলন বিএনপির নেতৃত্ব ও সামগ্রিক সমন্বয়ের মাধ্যমে পরিচালিত হয়েছে, তাই ভবিষ্যতেও ঐক্য বজায় রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বর্তমান আরপিও অনুযায়ী জোটবদ্ধ হলেও ভোটে অংশ নিতে হয় নিজ নিজ প্রতীকে। তবে বাস্তবতায় সব আসনে সব দলের প্রতীক নিয়ে জয়ী হওয়া সম্ভব নয়।
নুরুল হক নুর জানান, সে কারণেই যুগপৎ আন্দোলনের শরিকদের কয়েকজন বিএনপির প্রাথমিক সদস্যপদ গ্রহণ করে ধানের শীষ প্রতীকে নির্বাচনে অংশ নিচ্ছেন। ঝিনাইদহ-৪ আসনে রাশেদ খানের নির্বাচনও সেই কৌশলের অংশ। এ জন্য তাকে বিএনপিতে যোগদানের অনুমোদন দেওয়া হয়েছে এবং তিনি গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক পদ থেকে পদত্যাগ করবেন। শিগগিরই দলটিতে একজন ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নিয়োগ দেওয়া হবে বলেও জানান তিনি।
রিপোর্টার্স২৪/আয়েশা