রিপোর্টার্স২৪ ডেস্ক: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তার শ্বশুর সাবেক নৌবাহিনী প্রধান এবং সাবেক কৃষি ও যোগাযোগমন্ত্রী রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের কবর জিয়ারত করেছেন। শনিবার (২৭ ডিসেম্বর) দুপুর ২টার পর রাজধানীর বনানী কবরস্থানে তিনি কবর জিয়ারত করেন।
এ সময় তারেক রহমানের সঙ্গে বিএনপির কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। কবর জিয়ারত শেষে তারা প্রয়াত মাহবুব আলী খানের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত করেন।
এর কিছুক্ষণ আগে বনানী কবরস্থানে তারেক রহমান তার ছোট ভাই, বিশিষ্ট ক্রীড়া সংগঠক প্রয়াত আরাফাত রহমান কোকোর কবরও জিয়ারত করেন এবং সেখানে দোয়া-মোনাজাতে অংশ নেন।
এর আগে, শনিবার বেলা সাড়ে ১১টার পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদসংলগ্ন ইনকিলাব মঞ্চে মুখপাত্র শহীদ শরিফ ওসমান হাদি এবং জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কবর জিয়ারত করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। সেখানে তিনি শ্রদ্ধা নিবেদন করেন এবং মোনাজাতে অংশ নেন।
সেখান থেকে তিনি জাতীয় পরিচয়পত্র (এনআইডি) নিবন্ধনের আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে দুপুর ১টার দিকে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউট (ইটিআই) ভবনে যান।
রিপোর্টার্স২৪/আয়েশা