নাটোর প্রতিনিধি: বিএনপির কেন্দ্রীয় নেতা ও নাটোর-২ আসনের বিএনপি মনোনীত প্রার্থী অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, পার্শ্ববর্তী রাষ্ট্র ভারত বাংলাদেশের সংস্কৃতিকে ধ্বংস করেছে। তাঁর দাবি, বাংলাদেশের নিজস্ব কালচার, গান-বাজনা ও সামগ্রিক সাংস্কৃতিক পরিচয় ধীরে ধীরে নিশ্চিহ্ন করে দেওয়া হয়েছে।
শনিবার (২৭ ডিসেম্বর) বিকেলে নাটোর জেলা বিএনপির কার্যালয়ের সামনে বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস)-এর ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক সমাবেশে এসব কথা বলেন তিনি।
সমাবেশে বক্তব্য রাখতে গিয়ে দুলু বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশে আবারও একটি সাংস্কৃতিক বিপ্লব ঘটবে। তিনি বলেন, ‘তারেক রহমানের হাত ধরেই ইনশাআল্লাহ বাংলার প্রকৃত সংস্কৃতি পুনরুজ্জীবিত হবে।’
তিনি আরও বলেন, দেশে উন্নয়ন ও স্থায়ী শান্তি ফেরাতে তারেক রহমান সুপরিকল্পিত কর্মসূচি গ্রহণ করেছেন। সেই পরিকল্পনা বাস্তবায়নে দলীয় নেতাকর্মীসহ সর্বস্তরের মানুষের সহযোগিতা প্রয়োজন বলেও মন্তব্য করেন তিনি।
সমাবেশে জেলা বিএনপির আহ্বায়ক রহিম নেওয়াজ, জেলা বিএনপির সদস্য কাজী শাহ আলম ও নাসিম উদ্দিন নাসিম, সাবেক যুগ্ম আহ্বায়ক ফরহাদ আলী দেওয়ান শাহীন, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সানোয়ার হোসেন তুষার, জাসাস নাটোর জেলা শাখার আহ্বায়ক মেহেদি হাসান ও সদস্যসচিব আব্দুল খালেকসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
রিপোর্টার্স২৪/আয়েশা