স্টাফ রিপোর্টার: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জামায়াতে ইসলামীর সঙ্গে জোটবদ্ধ হয়ে আসন সমঝোতায় যাচ্ছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দলের আহ্বায়ক নাহিদ ইসলাম জানান, সংস্কারের বাস্তবায়ন ও বৃহত্তর ঐক্যের স্বার্থে জামায়াতের সঙ্গে নির্বাচনি সমঝোতায় পৌঁছেছে।
রবিবার (২৮ ডিসেম্বর) রাত ৮টার পর রাজধানীর বাংলা মোটরে অবস্থিত এনসিপির অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
নাহিদ ইসলাম বলেন,হাদির খুনের মধ্য দিয়ে প্রমাণিত হয়েছে, বাংলাদেশে এখনও আধিপত্যবাদি শক্তি রয়েছে। ৫ আগস্ট যে স্বৈরাচারকে তাড়িয়েছি তারা এখন নির্বাচন বানচালের চেষ্টা করছে। সেজন্য বৃহত্তর ঐক্যের স্বার্থে আমরা জামায়াতের সঙ্গে নির্বাচনি সমঝোতায় এসেছি।
তিনি আরও বলেন,আমরা বলেছিলাম নির্বাচনে এককভাবে অংশ নেব। পরে মনোনয়নপত্র বিতরণ করেছি। এরপর তিন-দলীয় জোট গঠন করি। কিন্তু শরিফ ওসমান হাদিকে গুলি করে হত্যার ঘটনায় আমরা বুঝতে পেরেছি, নতুন বাংলাদেশের অগ্রযাত্রাকে বাধাগ্রস্ত করা এবং জুলাই প্রজন্মকে ক্ষতিগ্রস্ত করার পরিকল্পনা চলছে। এই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে আমরা জামায়াতে ইসলামী ও সমমনা দলের সঙ্গে কথা বলেছি। নাহিদ জানান, নির্বাচনে এনসিপি ও জামায়াত একসঙ্গে অংশ নেবে।
এর আগে সন্ধ্যায় জামায়াতের আমির শফিকুর রহমান এক সংবাদ সম্মেলনে জানান, জামায়াতসহ ৮ দলের নির্বাচনি জোটে লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি) এবং জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) যুক্ত হচ্ছে।
রিপোর্টার্স২৪/ধ্রুব/এসসি