| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

নির্বাচন থেকে সরে দাঁড়াচ্ছেন আনোয়ার হোসেন মঞ্জু

reporter
  • আপডেট টাইম: ডিসেম্বর ২৯, ২০২৫ ইং | ১৫:০৮:৩৩:অপরাহ্ন  |  ৯৩৯৭০৭ বার পঠিত
নির্বাচন থেকে সরে দাঁড়াচ্ছেন আনোয়ার হোসেন মঞ্জু
ছবির ক্যাপশন: সংগৃহীত ছবি

স্টাফ রিপোর্টার: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেবেন না সাবেক মন্ত্রী ও জাতীয় পার্টি (জেপি) চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জু। পিরোজপুর-২ (কাউখালী, ভান্ডারিয়া ও নেছারাবাদ) আসন থেকে মনোনয়নপত্র সংগ্রহ করলেও শেষ পর্যন্ত শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

সোমবার (২৯ ডিসেম্বর) মোবাইল ফোনে গণমাধ্যমের এক প্রতিবেদকের সঙ্গে আলাপকালে আনোয়ার হোসেন মঞ্জু বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, পিরোজপুর-২ আসন থেকে নির্বাচনে অংশ নেওয়ার উদ্দেশ্যে মনোনয়নপত্র সংগ্রহ করেছিলেন। তবে শারীরিক অসুস্থতার কারণে তিনি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবেন না। এ কারণে মনোনয়নপত্র জমাও দেওয়া হয়নি। নির্বাচন থেকে সরে দাঁড়ানোর পেছনে অন্য কোনো কারণ রয়েছে কি না এমন প্রশ্নে তিনি মন্তব্য করতে অনিচ্ছা প্রকাশ করেন।

দলীয় ও নির্বাচন সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গত বুধবার (২৪ ডিসেম্বর) বিকেলে ভান্ডারিয়া উপজেলা সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা রেহেনা আক্তারের কার্যালয় থেকে আনোয়ার হোসেন মঞ্জুর পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করা হয়। এ সময় জাতীয় পার্টির উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দসহ যুবসংহতি, ছাত্রসমাজ ও অন্যান্য সহযোগী সংগঠনের সিনিয়র ও প্রবীণ নেতারা উপস্থিত ছিলেন।

এদিকে, এর আগের দিন রোববার (২৮ ডিসেম্বর) বিকেলে পিরোজপুরে আনোয়ার হোসেন মঞ্জুর বিরুদ্ধে আওয়ামী লীগের দোসর হওয়ার অভিযোগ তুলে মানববন্ধন অনুষ্ঠিত হয়। একই সঙ্গে জুলাই গণ-অভ্যুত্থানে ছাত্র-জনতার ওপর গণহত্যার অভিযোগে তাঁর প্রার্থিতা বাতিল ও গ্রেপ্তারের দাবিতে স্মারকলিপি প্রদান করা হয়। ‘ছাত্র-জনতা’ ব্যানারে পিরোজপুরের সিও অফিস চত্বরে এই কর্মসূচি পালিত হয়।

উল্লেখ্য, আনোয়ার হোসেন মঞ্জু পিরোজপুর-২ আসন থেকে মোট সাতবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। দীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি একাধিকবার মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন এবং জাতীয় রাজনীতিতে প্রভাবশালী ব্যক্তিত্ব হিসেবে পরিচিত।

রিপোর্টার্স২৪/এসসি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪