স্টাফ রিপোর্টার: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে লক্ষ্মীপুর-১ (রামগঞ্জ) আসন থেকে সাবেক তথ্য উপদেষ্টা মাহফুজ আলম নির্বাচন করবেন না। তার নামে মনোনয়নপত্র সংগ্রহ করা হলেও তিনি নির্বাচনী প্রতিযোগিতায় অংশ নিচ্ছেন না বলে নিশ্চিত করেছেন তার ভাই জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক মাহবুব আলম।
রোববার (২৮ ডিসেম্বর) রাতে মাহবুব আলম এ তথ্য নিশ্চিত করেন। তিনি নিজেও একই আসন থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।
মাহবুব আলম বলেন, মাহফুজ আলম এ ঘটনায় বিব্রত। তার সম্মতি ছাড়া আবেগতাড়িত হয়ে কেউ একজন তার নামে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। তবে তিনি মনোনয়নপত্র জমা দেবেন না এবং নির্বাচনে অংশ নেবেন না।
তিনি আরও জানান, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রার্থী হিসেবে তিনি নিজেই লক্ষ্মীপুর-১ আসন থেকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন।
নির্বাচন কার্যালয় সূত্রে জানা গেছে, লক্ষ্মীপুর-১ (রামগঞ্জ) আসন থেকে মাহফুজ ও মাহবুব আলমসহ মোট ১৪ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।
অন্যান্য মনোনয়ন সংগ্রহকারীদের মধ্যে রয়েছেন,সদ্য বিএনপিতে যোগ দেওয়া শাহাদাত হোসেন সেলিম, ইসলামী আন্দোলনের জাকির হোসেন পাটওয়ারী, জামায়াতে ইসলামীর মোহাম্মদ নাজমুল হাসান, জাতীয় পার্টির মাহমুদুর রহমান মাহমুদ, বাসদের মো. বিল্লাল হোসেন, স্বতন্ত্র প্রার্থী মো. আল-আমিন, বাংলাদেশ মুসলিম লীগের রেজাউল করিম, বিএনপি নেতা হারুনুর রশিদ, গণঅধিকার পরিষদের মো. কাউছার আলম, স্বতন্ত্র প্রার্থী এম এ আউয়াল, জাকির হোসেন, এনডিএমের আলমগীর হোসেন, বাংলাদেশ খেলাফত মজলিসের মিজানুর রহমান এবং স্বতন্ত্র প্রার্থী এম এ গোফরান।
উল্লেখ্য, আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে। এর আগে গত ১১ ডিসেম্বর নির্বাচন কমিশন জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করে। ইসি ঘোষিত তফসিল অনুযায়ী সোমবার (২৯ ডিসেম্বর) মনোনয়নপত্র দাখিলের শেষ দিন নির্ধারণ করা হয়েছে।
রিপোর্টার্স২৪/এসসি