স্টাফ রিপোর্টার: দেড় যুগেরও বেশি সময় পর বিএনপির কেন্দ্রীয় কার্যালয় নয়াপল্টনে গেলেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তার উপস্থিতিকে ঘিরে কার্যালয় ও আশপাশের এলাকায় নেতাকর্মীদের ব্যাপক সমাগম দেখা যায়।
সোমবার (২৯ ডিসেম্বর) বিকাল সাড়ে ৩টার দিকে গুলশানের বাসভবন থেকে তারেক রহমানের গাড়িবহর নয়াপল্টনের উদ্দেশে রওনা হয়। তবে নেতাকর্মীদের ভিড় ও স্লোগানের কারণে কার্যালয়ের সামনে পৌঁছাতে বিকেল ৪টা বেজে যায়। এ সময় কেন্দ্রীয় কার্যালয়ের সামনে দলের শীর্ষ নেতারা তাকে ফুলেল শুভেচ্ছায় স্বাগত জানান।
তারেক রহমানের আগমনের খবরে দুপুর থেকেই নয়াপল্টন কার্যালয় ও আশপাশের এলাকায় বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা জড়ো হতে থাকেন। তারা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া এবং তারেক রহমানের ছবি সংবলিত ব্যানার ও ফেস্টুন নিয়ে অবস্থান নেন। কার্যালয় চত্বরজুড়ে নেতাকর্মীরা তারেক রহমানের নামে নানা স্লোগান দেন।
দলের কেন্দ্রীয় কার্যালয়ে তারেক রহমানের উপস্থিতিকে ঘিরে উৎসবমুখর পরিবেশ তৈরি হয়। একই সঙ্গে যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে নয়াপল্টন কার্যালয় ও আশপাশের এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়।
দীর্ঘ সময় পর নয়াপল্টনে তারেক রহমানের উপস্থিতিকে দলের সাংগঠনিক কার্যক্রমে নতুন গতি সঞ্চারের ইঙ্গিত হিসেবে দেখছেন বিএনপির নেতাকর্মীরা।
রিপোর্টার্স২৪/এসসি