| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

সরে দাঁড়ালেন আনোয়ার হোসেন মঞ্জু

reporter
  • আপডেট টাইম: ডিসেম্বর ২৯, ২০২৫ ইং | ১৮:০০:৪৮:অপরাহ্ন  |  94742 বার পঠিত
সরে দাঁড়ালেন আনোয়ার হোসেন মঞ্জু

স্টাফ রিপোর্টার: পিরোজপুর-২ (কাউখালী, ভান্ডারিয়া, নেছারাবাদ) আসনে মনোনয়নপত্র সংগ্রহ করলেও আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ না নেওয়ার ঘোষণা দিয়েছেন সাবেক মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু। শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে তিনি নির্বাচন থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন।

সোমবার (২৯ ডিসেম্বর) এ তথ্য জানিয়ে তিনি বলেন, ‘আমার শরীর অসুস্থ। পিরোজপুর-২ আসনে নির্বাচন করার জন্য মনোনয়নপত্র সংগ্রহ করেছিলাম। কিন্তু শারীরিক অসুস্থতার কারণে নির্বাচন করব না। সে কারণে মনোনয়নপত্র জমাও দিইনি।’

গত বুধবার বিকেলে ভান্ডারিয়া উপজেলা সহকারী রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রেহেনা আক্তারের কার্যালয় থেকে জাতীয় পার্টি (জেপি) চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জুর পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করা হয়। পিরোজপুর-২ আসনের জন্য ওই মনোনয়নপত্র নেওয়া হয়েছিল।

রোববার বিকেলে পিরোজপুরে আনোয়ার হোসেন মঞ্জুর বিরুদ্ধে আওয়ামী লীগের দোসর হওয়ার অভিযোগ এবং জুলাই গণ-অভ্যুত্থানে ছাত্র-জনতার ওপর গণহত্যার অভিযোগ তুলে প্রার্থিতা বাতিল ও গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি দেওয়া হয়। ‘ছাত্র-জনতা’র ব্যানারে পিরোজপুরের সিও অফিস চত্বরে ওই মানববন্ধনের আয়োজন করা হয়।

উল্লেখ্য, আনোয়ার হোসেন মঞ্জু পিরোজপুর-২ আসন থেকে মোট সাতবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। দীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি একাধিক মন্ত্রণালয়ের দায়িত্বও পালন করেছেন।

সম্প্রতি জাতীয় পার্টির সাবেক দুই নেতা আনিসুল ইসলাম মাহমুদ (জাপা-একাংশ) ও আনোয়ার হোসেন মঞ্জুর (জেপি) নেতৃত্বে ১৮টি দল নিয়ে আত্মপ্রকাশ করেছে নতুন রাজনৈতিক জোট জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট-এনডিএফ। জোট থেকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থীও ঘোষণা করা হয়েছে।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪