স্টাফ রিপোর্টার: বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১০ দলীয় জোটের সঙ্গে আসনভিত্তিক সমঝোতার অংশ হিসেবে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) একাধিক নেতার নাম প্রাথমিকভাবে চূড়ান্ত হয়েছে। দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে এ তথ্য নিশ্চিত করেছেন এনসিপির একাধিক শীর্ষ নেতা।
দলীয় সূত্রের দাবি, জোটগত সমঝোতার আওতায় রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন জেলার বেশ কয়েকটি আসনে এনসিপির প্রার্থীরা নির্বাচনে অংশ নিতে পারেন। ইতোমধ্যে সম্ভাব্য প্রার্থীদের একটি প্রাথমিক তালিকা নিয়ে আলোচনা চলছে।
সূত্র অনুযায়ী, ঢাকার বিভিন্ন আসনে যেসব নেতার নাম আলোচনায় রয়েছে—ঢাকা-১১ আসনে নাহিদ ইসলাম, ঢাকা-৯ আসনে জাভেদ রাসিন, ঢাকা-২০ আসনে ইঞ্জিনিয়ার নাবিলা তাহসিন, ঢাকা-১৯ আসনে দিলশানা পারুল এবং ঢাকা-৮ আসনে নাসিরুদ্দিন পাটোয়ারী।
ঢাকার বাইরে উত্তরাঞ্চলের কয়েকটি আসনে এনসিপির সম্ভাব্য প্রার্থীদের মধ্যে রয়েছেন পঞ্চগড়-১ আসনে সার্জিস আলম, দিনাজপুর-৬ আসনে আব্দুল আহাদ, রংপুর-৪ আসনে আখতার হোসেন, কুড়িগ্রাম-২ আসনে আতিক মুজাহিদ এবং সিরাজগঞ্জ-৬ আসনে সাইফ মুস্তাফিজ।
এছাড়া ব্রাহ্মণবাড়িয়ায় আশরাফউদ্দিন মাহদি, নারায়ণগঞ্জে আব্দুল্লাহ আল আমিন, বান্দরবানে সুজাউদ্দৌলা, কুমিল্লায় হাসনাত আবদুল্লাহ, নোয়াখালীতে হান্নান মাসুদ ও সুলতান জাকারিয়া, নেত্রকোনা-১১ আসনে ডা. জাহেদুল, বরিশালে আরিফ আদিব, ঝালকাটিতে ডা. মাহমুদা মিতু, লক্ষ্মীপুরে মাহবুব আলম এবং নরসিংদীতে সরোয়ার তুষারের নামও প্রাথমিক তালিকায় রয়েছে।
দলীয় সূত্রগুলো আরও জানায়, মৌলভীবাজারে প্রীতম দাশ, চট্টগ্রামে জোবায়রুল আরিফ, নাটোরে জার্জিস কাদের এবং চুয়াডাঙ্গায় মোল্লা ফারুক এহসানের নামও আসন সমঝোতার আলোচনায় উঠে এসেছে।
তবে সংশ্লিষ্ট নেতারা বলছেন, এই তালিকাটি এখনো চূড়ান্ত নয়। জোটের শরিক দলগুলোর সঙ্গে আলোচনা ও সমঝোতার অগ্রগতির ওপর ভিত্তি করে প্রার্থীতালিকায় পরিবর্তন আসতে পারে। সবকিছু চূড়ান্ত হলে আনুষ্ঠানিকভাবে জোটের পক্ষ থেকেই প্রার্থীদের নাম ঘোষণা করা হবে।
রিপোর্টার্স২৪/এসসি