রিপোর্টার্স২৪ ডেস্ক: বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নামাজে জানাজা আগামীকাল বুধবার অনুষ্ঠিত হবে। মঙ্গলবার উপদেষ্টা পরিষদের জরুরি বৈঠক শেষে এ তথ্য জানানো হয়।
বৈঠক শেষে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, বুধবার বাদ জোহর জাতীয় সংসদের দক্ষিণ প্লাজা ও সংলগ্ন মানিক মিয়া অ্যাভিনিউতে বেগম খালেদা জিয়ার জানাজা অনুষ্ঠিত হবে। জানাজা শেষে তাঁকে শহীদ রাষ্ট্রপতি ও বীর মুক্তিযোদ্ধা জিয়াউর রহমানের কবরের পাশে দাফন করা হবে।
প্রেস বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, বেগম খালেদা জিয়ার মৃত্যুতে আগামীকাল বুধবার থেকে তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে। একই সঙ্গে বুধবার এক দিনের সাধারণ ছুটির সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সভায় প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস জানান, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জানাজা ও দাফন সম্পন্ন করতে সরকার সর্বাত্মক সহযোগিতা করবে।
উল্লেখ্য, মঙ্গলবার ভোরে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন বেগম খালেদা জিয়া। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮০ বছর।
রিপোর্টার্স২৪/এসসি