রিপোর্টার্স২৪ ডেস্ক: মা খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক ও আবেগ প্রকাশ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক স্ট্যাটাসে তিনি বলেন, ‘আমার কাছে খালেদা জিয়া একজন মমতাময়ী মা, যিনি নিজের সমগ্র জীবন উৎসর্গ করেছেন দেশ ও মানুষের জন্য।’
স্ট্যাটাসে তারেক রহমান লেখেন, ‘আমার মা, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, সর্বশক্তিমান আল্লাহর ডাকে সাড়া দিয়ে আজ আমাদের ছেড়ে চলে গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।’
তিনি উল্লেখ করেন, অনেকের কাছে খালেদা জিয়া ছিলেন দেশনেত্রী, আপসহীন নেত্রী; অনেকের কাছে গণতন্ত্রের মা কিংবা বাংলাদেশের মা। এমন একজন পথপ্রদর্শককে হারিয়ে আজ দেশ গভীরভাবে শোকাহত, যিনি বাংলাদেশের গণতান্ত্রিক পথযাত্রায় অনিঃশেষ ভূমিকা রেখে গেছেন।
তারেক রহমান আরও লেখেন, ‘আমার কাছে খালেদা জিয়া একজন মমতাময়ী মা—যিনি আজীবন লড়েছেন স্বৈরাচার, ফ্যাসিবাদ ও আধিপত্যবাদের বিরুদ্ধে। তিনি নেতৃত্ব দিয়েছেন স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রামে।’
তিনি বলেন, ত্যাগ ও সংগ্রামে ভাস্বর হয়েও খালেদা জিয়া ছিলেন পরিবারের সত্যিকারের অভিভাবক একজন আলোকবর্তিকা, যার অপরিসীম ভালোবাসা পরিবারের সদস্যদের সবচেয়ে কঠিন সময়েও শক্তি ও প্রেরণা যুগিয়েছে। বারবার গ্রেপ্তার, চিকিৎসা থেকে বঞ্চিত হওয়া এবং সর্বোচ্চ নিপীড়নের শিকার হয়েও তিনি অদম্য সাহস ও দেশপ্রেমে পরিবারকে অনুপ্রাণিত করেছেন।
তারেক রহমান লেখেন, “দেশের জন্য তিনি হারিয়েছেন স্বামী, হারিয়েছেন সন্তান। তাই এই দেশ, এই দেশের মানুষই ছিল তাঁর পরিবার, তাঁর সত্তা, তাঁর অস্তিত্ব।” তিনি বলেন, খালেদা জিয়া জনসেবা, ত্যাগ ও সংগ্রামের এক অবিস্মরণীয় ইতিহাস রেখে গেছেন, যা বাংলাদেশের গণতান্ত্রিক ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে।
স্ট্যাটাসের শেষাংশে তিনি দেশবাসীর প্রতি অনুরোধ জানিয়ে বলেন, ‘আপনারা সবাই আমার মায়ের জন্য দোয়া করবেন। তাঁর প্রতি দেশবাসীর আবেগ, ভালোবাসা ও বৈশ্বিক শ্রদ্ধার জন্য আমি ও আমার পরিবার চিরকৃতজ্ঞ।’
উল্লেখ্য, মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সকাল ৬টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ইন্তেকাল করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর।
দীর্ঘদিন ধরে তিনি হৃদ্রোগ, ডায়াবেটিস, আর্থ্রাইটিস, লিভার সিরোসিস ও কিডনি জটিলতাসহ নানা শারীরিক সমস্যায় ভুগছিলেন। শ্বাসকষ্ট দেখা দিলে গত ২৩ নভেম্বর তাকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। দেশি ও বিদেশি বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে গঠিত মেডিকেল বোর্ডের তত্ত্বাবধানে তার চিকিৎসা চলছিল।
রিপোর্টার্স২৪/এসসি