| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

খালেদা জিয়ার প্রয়াণে রাষ্ট্রীয় শোকের গেজেট প্রকাশ

reporter
  • আপডেট টাইম: ডিসেম্বর ৩০, ২০২৫ ইং | ১৪:৫৯:৩৬:অপরাহ্ন  |  112008 বার পঠিত
খালেদা জিয়ার প্রয়াণে রাষ্ট্রীয় শোকের গেজেট প্রকাশ

রিপোর্টার্স২৪ ডেস্ক: বাংলাদেশের তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে রাষ্ট্রীয় শোক ঘোষণা করে গেজেট জারি করেছে সরকার। অন্তর্বর্তীকালীন সরকার এই মহীয়সী নেত্রীর প্রয়াণে গভীর শোক প্রকাশ করেছে।

মঙ্গলবার (৩০ ডিসেম্বর) মন্ত্রিপরিষদ সচিব ড. শেখ আব্দুর রশীদ স্বাক্ষরিত গেজেটে বলা হয়েছে, গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার আন্দোলনের আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে সরকার শোকাহত। তার অবদান ও রাজনৈতিক সংগ্রামের প্রতি সম্মান জানিয়ে সরকার সিদ্ধান্ত গ্রহণ করেছে যে, আগামী বুধবার থেকে শুক্রবার পর্যন্ত (৩১ ডিসেম্বর, ১ ও ২ জানুয়ারি) রাষ্ট্রীয়ভাবে শোক পালন করা হবে।

গেজেট অনুযায়ী, রাষ্ট্রীয় শোক পালনের অংশ হিসেবে এই তিন দিন বাংলাদেশের সকল সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠানসহ সকল সরকারি ও বেসরকারি ভবনে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হবে। একই সঙ্গে বিদেশে অবস্থিত বাংলাদেশের সব কূটনৈতিক মিশনেও জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে।

এছাড়া গেজেটে আরও উল্লেখ করা হয়েছে, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনায় আগামী শুক্রবার (২ জানুয়ারি ২০২৬) দেশের সকল মসজিদে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হবে। অন্যান্য ধর্মের অনুসারীদের উপাসনালয়গুলোতেও তার আত্মার শান্তির জন্য বিশেষ প্রার্থনার আয়োজন করা হবে।

সরকারি গেজেটে উল্লেখ করা হয়, বেগম খালেদা জিয়া বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এক গুরুত্বপূর্ণ অধ্যায়। গণতন্ত্র, বহুদলীয় রাজনীতি এবং জনগণের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে তার ভূমিকা জাতি শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে।

উল্লেখ্য, সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া মঙ্গলবার সকালে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তার প্রয়াণে দেশের রাজনৈতিক অঙ্গনসহ সর্বস্তরের মানুষের মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪