স্টাফ রিপোর্টার: বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশের জন্য দলের চেয়ারপারসনের গুলশানের রাজনৈতিক কার্যালয়ে শোক বই খোলা হয়েছে। এতে বিভিন্ন দেশের কূটনীতিকরা এসে শ্রদ্ধা জানাচ্ছেন।
বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, মঙ্গলবার রাত ৯টা পর্যন্ত শোক বই খোলা থাকবে। এরই মধ্যে বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ও কূটনৈতিক প্রতিনিধিরা সেখানে উপস্থিত হয়ে শোক প্রকাশ করেছেন।
দুপুর ২টা ৫৫ মিনিটে প্রথম শোক বইয়ে স্বাক্ষর করেন বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। এরপর পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দার, ভারতের হাইকমিশনার প্রণয় কুমার ভার্মা, নেদারল্যান্ডসের নবনিযুক্ত রাষ্ট্রদূত জোরিস ফ্রানসিসকাস জেরারডুস ভ্যান বোমেল এবং ওমানের রাষ্ট্রদূত জামিল হাজি ইসমাইল আল বালুশি শোক বইয়ে সই করেন।
বিএনপি সূত্র জানায়, আগত রাষ্ট্রদূতরা যথাযথ মর্যাদার সঙ্গে শোক প্রকাশ করেন এবং বেগম খালেদা জিয়ার রাজনৈতিক নেতৃত্ব ও দেশের গণতান্ত্রিক ইতিহাসে তাঁর অবদানকে স্মরণীয় হিসেবে উল্লেখ করেন। শোক বইয়ে তাঁরা তাঁর আত্মার মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।
রিপোর্টার্স২৪/এসসি