রিপোর্টার্স২৪ ডেস্ক: দলীয় সিদ্ধান্ত অমান্য করে সাংগঠনিক কর্মকাণ্ড পরিচালনার অভিযোগে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে মঙ্গলবার(৩০ডিসেম্বর) এই তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, রুমিন ফারহানাকে বিএনপির প্রাথমিক সদস্যপদসহ দলের সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল ও আশুগঞ্জ) আসনটি বিএনপি শরিক দল জমিয়তে উলামায়ে ইসলামকে ছেড়ে দিয়েছে। ওই আসনে বিএনপি নেতৃত্বাধীন জোটের মনোনয়ন পেয়েছেন জমিয়তের সহসভাপতি মাওলানা জুনায়েদ আল হাবিব।
এই আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশী ছিলেন সংরক্ষিত নারী আসনের সাবেক সংসদ সদস্য ও দলের আন্তর্জাতিক বিষয়ক সহসম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা। তবে দলীয় মনোনয়ন না পেলেও তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা দেন।
এর আগে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দিয়ে তিনি দল থেকে পদত্যাগের কথাও জানিয়েছিলেন। সে সময় গণমাধ্যমকে রুমিন ফারহানা বলেছিলেন, দল যদি ব্যবস্থা নেওয়ার প্রয়োজন মনে করে, তবে তা নেবে—এতে তাঁর কোনো আপত্তি নেই। তিনি আরও বলেন, মনোনয়ন কেনার আগেই সম্মানের সঙ্গে দল থেকে পদত্যাগ করবেন।
রিপোর্টার্স২৪/এসসি