| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

তারেক রহমানের সম্পদের হিসাব: প্রায় ২ কোটি টাকার মালিক, নেই গাড়ি-বাড়ি

reporter
  • আপডেট টাইম: ডিসেম্বর ৩১, ২০২৫ ইং | ১০:০৮:৪৯:পূর্বাহ্ন  |  ৭৪২৭৩৬ বার পঠিত
তারেক রহমানের সম্পদের হিসাব: প্রায় ২ কোটি টাকার মালিক, নেই গাড়ি-বাড়ি

রিপোর্টার্স২৪ ডেস্ক: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নামে কোনো ব্যক্তিগত গাড়ি বা বাড়ি নেই। তবে তার মোট ঘোষিত সম্পদের পরিমাণ প্রায় ১ কোটি ৯৭ লাখ টাকা। বার্ষিক আয় পৌনে ৭ লাখ টাকার কাছাকাছি বলে উল্লেখ করেছেন তিনি।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-৬ ও ঢাকা-১৭ আসনের প্রার্থী হিসেবে রিটার্নিং কর্মকর্তার কাছে জমা দেওয়া হলফনামায় এসব তথ্য তুলে ধরেন তারেক রহমান। হলফনামা অনুযায়ী, তিনি কোনো দ্বৈত নাগরিকত্বের অধিকারী নন। তার বর্তমান ঠিকানা ঢাকা উত্তর সিটি করপোরেশনের গুলশান এভিনিউয়ের এন-ই-ডি-৩/বি নম্বর বাসা। শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক এবং বয়স ৫৭ বছরের বেশি।

হলফনামায় তিনি জানান, বর্তমানে তার বিরুদ্ধে কোনো ফৌজদারি মামলা চলমান নেই। ২০০৭ সাল থেকে তার নামে ৭৭টি মামলা হলেও সেগুলোর কোনোটি থেকে তিনি খালাস পেয়েছেন, কোনোটি প্রত্যাহার, খারিজ বা অব্যাহতি পেয়েছে। পেশা হিসেবে তিনি রাজনীতির কথা উল্লেখ করেছেন। তার স্ত্রী জুবাইদা রহমান পেশায় একজন চিকিৎসক এবং একমাত্র কন্যা জাইমা জারনাজ রহমান শিক্ষার্থী।

সম্পদের বিবরণে দেখা যায়, তারেক রহমানের কোনো বাড়ি, অ্যাপার্টমেন্ট বা বাণিজ্যিক স্থাপনা নেই। শেয়ার, বন্ড ও সঞ্চয়পত্রে তার বিনিয়োগ রয়েছে ৬ লাখ ৭৬ হাজার ৩৫৩ টাকা। ব্যাংক জমা ও নগদ মিলিয়ে তার কাছে রয়েছে ৩১ লাখ ৫৮ হাজার ৪২৮ টাকা। অন্যদিকে তার স্ত্রীর নামে রয়েছে ৬৬ লাখ ৫৪ হাজার ৭৪৭ টাকা।

স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্ত ও তালিকাভুক্ত নয় এমন বিভিন্ন প্রতিষ্ঠানে তার শেয়ার রয়েছে। এর মধ্যে কোম্পানির শেয়ারে বিনিয়োগ ৪৫ লাখ টাকা, অন্যান্য কোম্পানিতে অংশীদারত্বের মূল্য ১৮ লাখ টাকা এবং আরও ৫ লাখ টাকার শেয়ার রয়েছে বলে উল্লেখ করা হয়েছে।

তারেক রহমানের নামে ব্যাংকে এফডিআর রয়েছে ৯০ লাখ ২৪ হাজার ৩০৭ টাকা এবং অন্যান্য আমানত ১ লাখ ২০ হাজার টাকা। তার স্ত্রীর নামে এফডিআর রয়েছে ৩৫ লাখ টাকা এবং সঞ্চয়ী হিসাবে ১৫ হাজার ২৬০ টাকা জমা আছে। অস্থাবর সম্পদের তালিকায় রয়েছে ২ হাজার ৯৫০ টাকার স্বর্ণালংকার ও ১ লাখ ৭৯ হাজার ৫০০ টাকার আসবাবপত্র। তার নামে কোনো আগ্নেয়াস্ত্র নেই এবং বিদেশে কোনো স্থাবর বা অস্থাবর সম্পদও নেই।

জমির বিবরণে বলা হয়েছে, তারেক রহমানের নামে কোনো কৃষিজমি নেই। তবে ২ দশমিক ০১ একর এবং ১ দশমিক ৪ শতাংশ অকৃষি জমি রয়েছে। এছাড়া ২ দশমিক ৯ শতাংশ জমিতে আবাসিক স্থাপনা রয়েছে। তার স্ত্রীর নামে যৌথ মালিকানায় ১১১ দশমিক ২৫ শতাংশ জমি এবং ৮০০ বর্গফুট আয়তনের একটি দোতলা ভবন রয়েছে।

হলফনামা অনুযায়ী, তারেক রহমান, তার স্ত্রী কিংবা নির্ভরশীলদের কোনো ঋণ, সরকারি পাওনা বা আর্থিক দায় নেই।

আয়কর নথি অনুযায়ী, তারেক রহমানের মোট সম্পদের পরিমাণ ১ কোটি ৯৬ লাখ ৮০ হাজার ১৮৫ টাকা। বার্ষিক আয় দেখানো হয়েছে ৬ লাখ ৭৬ হাজার ৩৫৩ টাকা এবং তিনি আয়কর পরিশোধ করেছেন ১ লাখ ১ হাজার ৪৫৩ টাকা। অন্যদিকে তার স্ত্রী জুবাইদা রহমানের মোট সম্পদের পরিমাণ ১ কোটি ৫ লাখ ৩০ হাজার ১৯১ টাকা। তার বার্ষিক আয় ৩৫ লাখ ৬০ হাজার ৯২৫ টাকা এবং আয়কর দিয়েছেন ৫ লাখ ৫৭ হাজার ৭১৩ টাকা।

নির্বাচনী তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র বাছাই চলবে ৩০ ডিসেম্বর থেকে ৪ জানুয়ারি পর্যন্ত। প্রার্থিতা নিয়ে আপিল করা যাবে ৫ থেকে ৯ জানুয়ারি। আপিল নিষ্পত্তি হবে ১০ থেকে ১৮ জানুয়ারি। প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ২০ জানুয়ারি। চূড়ান্ত প্রার্থী তালিকা ও প্রতীক বরাদ্দ দেওয়া হবে ২১ জানুয়ারি। প্রচারণা শুরু হবে ২২ জানুয়ারি এবং চলবে ১০ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা পর্যন্ত। ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে ১২ ফেব্রুয়ারি।



রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪