রিপোর্টার্স২৪ ডেস্ক: সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মরদেহ কঠোর নিরাপত্তার মধ্যে রাজধানীর জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় পৌঁছেছে। তাকে বহন করা হয়েছে লাল-সবুজ রঙের জাতীয় পতাকায় মোড়ানো একটি ফ্রিজার ভ্যানে। সেনাবাহিনী হিউম্যান চেইন তৈরি করে রাষ্ট্রীয় প্রোটকলে মরদেহটি আনা হয়।
বুধবার (৩১ ডিসেম্বর) সকাল ১১টা ৪৮ মিনিটে খালেদা জিয়ার মরদেহ বহনকারী ফ্রিজার ভ্যানটি দক্ষিণ প্লাজায় প্রবেশ করে। এর আগে বেলা ১১টা ৫ মিনিটে ছেলে তারেক রহমানের গুলশান অ্যাভিনিউয়ের ১৯৬ নম্বর বাসা থেকে যাত্রা শুরু করে মরদেহবাহী ফ্রিজার ভ্যানটি।
এরও আগে সকাল ৮টা ৫৪ মিনিটে মরদেহটি রাজধানীর এভার কেয়ার হাসপাতাল থেকে বের করে গুলশানে নেওয়া হয়। শুরুতে তার দীর্ঘদিনের বাসভবন ‘ফিরোজা’য় নেওয়ার কথা থাকলেও পরে তা তারেক রহমানের গুলশান বাসায় নেওয়া হয়। সেখানে পৌঁছানোর পর বেলা ১১টা ৫ মিনিট পর্যন্ত খালেদা জিয়ার স্বজন এবং বিএনপির নেতাকর্মীরা শেষবারের মতো তাকে শ্রদ্ধা জানান।
বেগম খালেদা জিয়ার জানাজা রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে বুধবার বাদ জোহর অনুষ্ঠিত হবে। জানাজা পড়াবেন বায়তুল মোকাররমের খতিব মুফতি আবদুল মালেক। জানাজা আয়োজনে যাবতীয় প্রস্তুতি সম্পন্ন হয়েছে। জানাজার পর তিনি চিরনিদ্রায় শায়িত হবেন তার স্বামী, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরের পাশে।
বিএনপির চেয়ারপারসনের প্রতি শ্রদ্ধা জানাতে ভারত, পাকিস্তানসহ দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ার বেশ কয়েকটি দেশের প্রতিনিধি ঢাকায় এসেছেন।
জানাজা ও দাফন কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পন্ন করতে এবং নিশ্ছিদ্র নিরাপত্তা নিশ্চিত করতে মানিক মিয়া অ্যাভিনিউসহ রাজধানীর গুরুত্বপূর্ণ স্থানে ২৭ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ মোতায়েন করা হয়েছে।
উল্লেখ্য, বেগম খালেদা জিয়া মঙ্গলবার (৩০ ডিসেম্বর) ভোর ৬টায় রাজধানীর এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন। তার মৃত্যুতে বুধবার থেকে শুক্রবার পর্যন্ত (৩১ ডিসেম্বর, ১ ও ২ জানুয়ারি) তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে। পাশাপাশি বুধবার সারা দেশে সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে।
রিপোর্টার্স২৪/ঝুম