রিপোর্টার্স২৪ ডেস্ক: সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে পরিকল্পিতভাবে চিকিৎসা থেকে বঞ্চিত করে ‘হত্যা করা হয়েছে’ বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। তিনি বলেন, এই মৃত্যুর দায় থেকে শেখ হাসিনা কোনোদিনই মুক্তি পাবেন না।
বুধবার (৩১ ডিসেম্বর) রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে খালেদা জিয়ার জানাজার আগে তার বর্ণাঢ্য জীবন ও রাজনৈতিক সংগ্রাম তুলে ধরে দেওয়া এক লিখিত বক্তব্যে এসব কথা বলেন তিনি।
নজরুল ইসলাম খান বলেন, ব্যক্তিগত প্রতিহিংসা ও ফ্যাসিবাদী মানসিকতার কারণে শেখ হাসিনা সরকার মিথ্যা মামলায় ২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি থেকে খালেদা জিয়াকে দীর্ঘ সময় কারাগারে আটকে রাখে। কারাগারে থাকা অবস্থায় পর্যাপ্ত চিকিৎসা না পাওয়ায় তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়েন। তিনি স্মরণ করিয়ে দেন, সমগ্র দেশবাসী দেখেছে। খালেদা জিয়া হেঁটেই কারাগারে প্রবেশ করেছিলেন, অথচ বের হয়েছেন মৃত্যুপথযাত্রী হয়ে।
বিএনপির এই শীর্ষ নেতা আরও বলেন, দেশি-বিদেশি চিকিৎসকদের মতে, কারামুক্তির পর চার বছরের বেশি সময় গৃহবন্দি অবস্থায় তাকে বিদেশে নিয়ে উন্নত চিকিৎসার সুযোগ না দেওয়ায় তার শারীরিক অবস্থা ক্রমাগত অবনতির দিকে যায়। এরই পরিণতিতে শেষ পর্যন্ত তাকে মৃত্যুর কাছে হার মানতে হয়েছে। তিনি জোর দিয়ে বলেন, এই মৃত্যুর দায় থেকে ফ্যাসিবাদী হাসিনা কখনোই মুক্তি পাবেন না।
নজরুল ইসলাম খান তার বক্তব্যে আরও বলেন, বেগম খালেদা জিয়া ছিলেন জনগণের কল্যাণে নিবেদিত এক আপসহীন নেতা। তার নেতৃত্বে একের পর এক যুগান্তকারী কর্মসূচি গ্রহণ করা হয়, যার ফলে বাংলাদেশ উন্নয়ন ও সমৃদ্ধির পথে এগিয়ে যায় এবং বিশ্বে ‘ইমার্জিং টাইগার’ হিসেবে পরিচিতি লাভ করে।
লিখিত বক্তব্যে তিনি খালেদা জিয়ার জন্ম ও পারিবারিক জীবন, সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের সঙ্গে তার বিবাহবন্ধন, জিয়াউর রহমানের শাহাদাতের পর প্রতিকূল পরিস্থিতিতে রাজনীতিতে তার আবির্ভাব, জাতীয় নির্বাচনে বিজয় এবং প্রধানমন্ত্রী হিসেবে রাষ্ট্র পরিচালনার নানা দিক বিস্তারিতভাবে তুলে ধরেন।
তিনি বলেন, ইতিহাসে খালেদা জিয়া শুধু একজন রাজনীতিক নন, বরং গণতন্ত্র, সার্বভৌমত্ব ও মানুষের অধিকার রক্ষার প্রতীক হয়ে থাকবেন।
রিপোর্টার্স২৪/ঝুম