রিপোর্টার্স২৪ ডেস্ক: সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নামাজে জানাজায় আবেগঘন বক্তব্য দিয়েছেন তার বড় সন্তান ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। মায়ের জন্য দেশবাসীর কাছে দোয়া চাওয়ার পাশাপাশি, জীবদ্দশায় খালেদা জিয়ার কোনো কথা বা আচরণে কেউ কষ্ট পেয়ে থাকলে তার জন্য প্রকাশ্যে ক্ষমা প্রার্থনা করেন তিনি।
বুধবার (৩১ ডিসেম্বর) রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে অনুষ্ঠিত জানাজা অনুষ্ঠানে সংক্ষিপ্ত বক্তব্যে তারেক রহমান বলেন,
তিনি মরহুমা বেগম খালেদা জিয়ার জ্যেষ্ঠ সন্তান হিসেবে উপস্থিত হয়ে দেশবাসীর কাছে একটি অনুরোধ জানাতে চান।
তারেক রহমান বলেন, মরহুমা বেগম খালেদা জিয়া জীবিত থাকাকালীন যদি আপনাদের কারো কাছ থেকে কোনো ধরনের ঋণ বা দায় নিয়ে থাকেন, তাহলে অনুগ্রহ করে আমার সঙ্গে যোগাযোগ করবেন। ইনশাআল্লাহ, আমি তা পরিশোধের ব্যবস্থা করব।
এরপর তিনি আরও বলেন, একই সঙ্গে যদি ওনার জীবদ্দশায় ওনার কোনো ব্যবহার বা কোনো কথায় কেউ কষ্ট পেয়ে থাকেন, তাহলে মরহুমার পক্ষ থেকে আমি আপনাদের কাছে ক্ষমা প্রার্থনা করছি। বক্তব্যের শেষাংশে তিনি তার মায়ের আত্মার মাগফিরাত কামনায় দেশবাসীর কাছে দোয়া চান। দোয়া করবেন, আল্লাহ তায়ালা যেন ওনাকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন।
উল্লেখ্য, বুধবার বিকেল ৩টায় রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে লাখো মানুষের অংশগ্রহণে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা পরিচালনা করেন জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের খতিব মুফতি আবদুল মালেক।
এই জানাজায় রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূসসহ উপদেষ্টা পরিষদের সদস্যরা, সেনা, নৌ ও বিমানবাহিনীর প্রধানরা, বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতারা, বিদেশি কূটনীতিক, রাষ্ট্রদূত ও হাইকমিশনাররা উপস্থিত ছিলেন।
লাখো মানুষের এই উপস্থিতি ও তারেক রহমানের বক্তব্যে আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়, যা বেগম খালেদা জিয়ার দীর্ঘ রাজনৈতিক জীবনের প্রতি মানুষের গভীর শ্রদ্ধা ও ভালোবাসার প্রতিফলন হিসেবে দেখা গেছে।
রিপোর্টার্স২৪/ঝুম