রিপোর্টার্স২৪ ডেস্ক: বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নামাজে জানাজা সম্পন্ন হয়েছে। জানাজায় অংশ নেন লাখো মানুষ।
বুধবার (৩১ ডিসেম্বর) বিকেল ৩টায় রাজধানীর জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় তাঁর জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা পরিচালনা করেন জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের খতিব মুফতি আবদুল মালেক।
জানাজা শেষে খালেদা জিয়ার কফিন কাঁধে তুলে নিতে দেখা যায় জনপ্রিয় ইসলামী বক্তা ড. মিজানুর রহমান আজহারীকে। এ সময় উপস্থিত মানুষের মধ্যে আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়।
জানাজায় অংশ নেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস, সরকারের বিভিন্ন উপদেষ্টা, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ। এছাড়া উপস্থিত ছিলেন ইসলামী চিন্তাবিদ ও ধর্মীয় ব্যক্তিত্বদের মধ্যে আল্লামা মামুনুল হক, জনপ্রিয় বক্তা ড. মিজানুর রহমান আজহারী এবং আস-সুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান শায়খ আহমাদুল্লাহ।
খালেদা জিয়ার জানাজাকে কেন্দ্র করে জাতীয় সংসদ ভবন এলাকা ও আশপাশে ব্যাপক জনসমাগম দেখা যায়। নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে নেওয়া হয় বিশেষ ব্যবস্থা।
রিপোর্টার্স২৪/এসসি