সিনিয়র রিপোর্টার: সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ও বিএনপির ভাইস চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) মাহমুদুল হাসান মারা গেছেন । (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯০ বছর।
বুধবার (৩১ ডিসেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে রাজধানীর নিজ বাসভবনে বার্ধক্যজনিত কারণে তিনি ইন্তেকাল করেন।
মাহমুদুল হাসানের মৃত্যুতে বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। তিনি এক ছেলে ও এক মেয়েসহ অসংখ্য আত্মীয়স্বজন, সহকর্মী, গুণগ্রাহী ও শুভানুধ্যায়ী রেখে গেছেন।
বিষয়টি নিশ্চিত করে জেলা বিএনপির সাবেক সদস্যসচিব মাহমুদুল হক সানু বলেন, রাজধানীর নিজ বাসায় বার্ধক্যজনিত কারণে বর্ষীয়ান এই রাজনীতিক মৃত্যুবরণ করেন।
পারিবারিক সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার (১ জানুয়ারি) বাদ জোহর টাঙ্গাইল শহরের বিন্দুবাসিনী সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে মরহুমের জানাজা নামাজ অনুষ্ঠিত হবে। জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হবে।
উল্লেখ্য, মেজর জেনারেল (অব.) মাহমুদুল হাসান ১৯৩৬ সালের ১ মার্চ টাঙ্গাইল সদর উপজেলার মাকোরকোল গ্রামে জন্মগ্রহণ করেন। সামরিক ও রাজনৈতিক দুই ক্ষেত্রেই দীর্ঘদিন সক্রিয় ছিলেন তিনি। রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের শাসনামলে তিনি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেন।
রাজনৈতিক জীবনে মাহমুদুল হাসান ১৯৮৮ সালে জাতীয় পার্টির প্রার্থী হিসেবে প্রথমবার জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হন। পরবর্তীতে তিনি বিএনপিতে যোগ দিয়ে ১৯৯৬ ও ২০০১ সালের জাতীয় সংসদ নির্বাচনে সংসদ সদস্য নির্বাচিত হন। এছাড়া ২০১২ সালের উপ-নির্বাচনেও তিনি সংসদ সদস্য নির্বাচিত হন।
রিপোর্টার্স২৪/এসসি