রিপোর্টার্স২৪ ডেস্ক: বিএনপি চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নামাজে জানাজা ও দাফন সুশৃঙ্খল ও মর্যাদাপূর্ণভাবে সম্পন্ন হওয়ায় দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। তিনি এই শেষ বিদায়কে ঐতিহাসিক বলে উল্লেখ করেছেন এবং জানিয়েছেন, দেশের মানুষ যথাযথ শ্রদ্ধা ও মর্যাদার সঙ্গে তার মায়ের বিদায় জানাতে পেরেছে।
বৃহস্পতিবার (১ জানুয়ারি)সকালে ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া পোস্টে তিনি লিখেছেন, গতকাল, আমার জীবনের এক গভীর শোকের মুহূর্তে, আমি আমার মায়ের শেষ বিদায় দিতে পেরেছি। এটি এমন এক ঐতিহাসিক বিদায়, যা দেশের মানুষের জন্য যথাযথ শ্রদ্ধা ও মর্যাদার সঙ্গে সম্পন্ন হয়েছে। আর এটি সম্ভব হয়েছে যাঁদের যত্ন, দায়িত্ববোধ ও পেশাদারিত্বের কারণে; তাদের সবাইকে আমি অন্তরের গভীর থেকে ধন্যবাদ জানাই।
তারেক রহমান বাংলাদেশের সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমানবাহিনীর কর্মকর্তা ও সদস্যদের ধন্যবাদ জানান। তিনি উল্লেখ করেন, তারা শুধু শৃঙ্খলা বজায় রাখেননি, বরং শোকময় পরিবেশে মানবিকতার উদাহরণ দেখিয়েছেন এবং সবাইকে নিরাপদে জানাজায় অংশগ্রহণের সুযোগ দিয়েছেন।
নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টা, পুলিশ, বিজিবি, আনসার ও ভিডিপি, র্যাব, এপিবিএনসহ সকলকে তিনি ধন্যবাদ জানান। তিনি লিখেছেন, আপনাদের ধৈর্য, সততা ও দায়িত্ববোধের কারণে লক্ষ-লক্ষ মানুষ নিরাপদে একত্রিত হতে পেরেছে, স্বতঃস্ফূর্তভাবে শোক প্রকাশ করতে পেরেছে, এবং শান্তিপূর্ণভাবে ফিরে যেতে পেরেছে।
ডিজিএফআই, এনএসআই ও স্পেশাল ব্রাঞ্চের সদস্যদের প্রতিও তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। এছাড়া জাতীয় নিরাপত্তা উপদেষ্টা, সশস্ত্র বাহিনী বিভাগের পিএসও, ডিজি এসএসএফ, বিভিন্ন মন্ত্রণালয়ের উপদেষ্টা ও কর্মকর্তা-কর্মচারীদের অবদান স্মরণ করেছেন।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তা ও কর্মচারীদেরও ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, বিদেশি অতিথিরা সরাসরি উপস্থিত হয়ে সমবেদনা জানাতে পেরেছেন। দেশের সীমার বাইরে থেকেও তার মায়ের প্রতি গভীর সম্মান ছিল।
সাংবাদিকদেরও ধন্যবাদ জানিয়ে তিনি লিখেছেন, বিশাল জনসমুদ্রের মধ্যে অনুষ্ঠান কভার করা সহজ ছিল না। এত প্রতিকূল অবস্থার মধ্যেও দেশ-বিদেশের মিডিয়াকর্মীরা আন্তরিকতা ও নিষ্ঠার সঙ্গে জানাজার খবর, ছবি ও ভিডিও সারা বিশ্বে পৌঁছে দিয়েছেন।
তিনি মাননীয় প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস ও তাঁর মন্ত্রিসভার সকল সদস্যদেরও ধন্যবাদ জানিয়ে বলেন, জাতীয় শোকের এই কঠিন সময়ে তারা প্রতিটি মুহূর্তে শান্তি ও যত্ন বজায় রাখতে সাহায্য করেছেন, যা আমাদের পরিবারের জন্য অমূল্য সমর্থন হিসেবে অনুভূত হয়েছে।
পরিশেষে তারেক রহমান লিখেছেন, “আমার পরিবারের পক্ষ থেকে আপনাদের সবাইকে ধন্যবাদ জানাই; প্রতিষ্ঠান হিসেবে নয়, মানুষ হিসেবে। গভীর শোকের এই সময়ে আপনারা যে সহমর্মিতা, সম্মান এবং দায়িত্ববোধ দেখিয়েছেন, তা আমাদের হৃদয় স্পর্শ করেছে। আপনারা ছিলেন সেই শক্তি, যার কারণে আমাদের পরিবার এবং পুরো জাতি মর্যাদার সঙ্গে আমার মায়ের স্মৃতিকে সম্মান জানাতে পেরেছে, আলহামদুলিল্লাহ।”
রিপোর্টার্স২৪/ঝুম