রিপোর্টার্স২৪ ডেস্ক: জিম্বাবুয়ের টি–টোয়েন্টি অধিনায়ক সিকান্দার রাজার ছোট ভাই মুহাম্মদ মাহদি আর নেই। জিম্বাবুয়ে ক্রিকেট বোর্ড (জেডসি) বুধবার (৩১ ডিসেম্বর) এক বিবৃতিতে জানায়, মাহদি ২৯ ডিসেম্বর হারারেতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স মাত্র ১৩ বছর। খবর জানিয়েছে জিও সুপার।
জন্মগতভাবে হিমোফিলিয়ায় আক্রান্ত ছিলেন মাহদি। এটি একটি জটিল শারীরিক অবস্থা, যেখানে রক্ত জমাট বাঁধার ক্ষমতা অত্যন্ত কম থাকে এবং সামান্য আঘাতেও অতিরিক্ত রক্তক্ষরণ হতে পারে। সাম্প্রতিক স্বাস্থ্যগত জটিলতার কারণে তার মৃত্যু হয়েছে।
জেডসি জানায়, মাহদি ৩০ ডিসেম্বর হারারেতে ওয়ারেন হিলস কবরস্থানে দাফন করা হয়েছে। বিবৃতিতে বলা হয়েছে, সিকান্দার রাজা ও তার পরিবারের প্রতি জিম্বাবুয়ে ক্রিকেট গভীর শোক ও সমবেদনা জানাচ্ছে। আল্লাহ তাদের ধৈর্য ও শক্তি দিন এবং মুহাম্মদ মাহদির আত্মাকে চিরশান্তি দান করুন।
রিপোর্টার্স২৪/ঝুম