| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

নিকটজন হারানোর শূন্যতা পেরিয়ে পুরো দেশই আমার পরিবার : তারেক রহমান

reporter
  • আপডেট টাইম: জানুয়ারী ০১, ২০২৬ ইং | ১৩:২৩:০৭:অপরাহ্ন  |  103158 বার পঠিত
নিকটজন হারানোর শূন্যতা পেরিয়ে পুরো দেশই আমার পরিবার : তারেক রহমান
ছবির ক্যাপশন: সংগৃহীত ছবি

রিপোর্টার্স২৪ডেস্ক: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, প্রিয়জন হারানোর গভীর শোকের মধ্যেও দেশের মানুষের অভূতপূর্ব ভালোবাসা ও উপস্থিতি তাকে একাকিত্বে ভুগতে দেয়নি। বরং এই ভালোবাসায় সিক্ত হয়ে তার মনে হচ্ছে, নিকটজন হারানোর শূন্যতা পেরিয়ে পুরো বাংলাদেশই আজ তার পরিবার হয়ে উঠেছে।

বৃহস্পতিবার (১ জানুয়ারি) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক আবেগঘন পোস্টে এসব কথা বলেন তিনি। পোস্টে তারেক রহমান লেখেন, গভীর শোক ও কৃতজ্ঞতায় ভাস্বর হয়ে তিনি তার প্রিয় মা, জীবনের প্রথম শিক্ষক ও তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের পাশে চিরনিদ্রায় শায়িত করেছেন। মায়ের অনুপস্থিতির শূন্যতা ভাষায় প্রকাশ করার মতো নয় বলেও উল্লেখ করেন তিনি।

তবে এই কঠিন মুহূর্তে দেশের মানুষের অভূতপূর্ব উপস্থিতি তাকে মানসিকভাবে শক্তি দিয়েছে বলে জানান তারেক রহমান। তিনি বলেন, অগণিত নেতাকর্মী, শুভাকাঙ্ক্ষী, পরিবার ও সাধারণ মানুষের ভালোবাসা ও শ্রদ্ধায় তিনি গভীরভাবে আবেগাপ্লুত। লক্ষ-লক্ষ মানুষ একসঙ্গে এসে যেভাবে সম্মান জানিয়েছে, ভালোবাসা দিয়েছে এবং পাশে দাঁড়িয়েছে, তা তাকে আবারও মনে করিয়ে দিয়েছে—বেগম খালেদা জিয়া শুধু তার মা ছিলেন না; অনেক দিক থেকেই তিনি ছিলেন সমগ্র জাতির মা।

তারেক রহমান তার পোস্টে দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশের শীর্ষ প্রতিনিধি, বৈশ্বিক কূটনীতিক ও উন্নয়ন সহযোগীদের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, সশরীরে উপস্থিত থেকে তারা যে শ্রদ্ধা জানিয়েছেন এবং যেসব দেশ সমবেদনা প্রকাশ করেছে, সেই সহমর্মিতা তাদের হৃদয় গভীরভাবে স্পর্শ করেছে।

শোকের এই মুহূর্তে তিনি তার বাবা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও ভাই আরাফাত রহমান কোকোকে স্মরণ করেন। তারেক রহমান লেখেন, এত মানুষের ভালোবাসায় সিক্ত হয়ে তার মনে হচ্ছে, নিকটজন হারানোর বেদনা পেরিয়ে পুরো বাংলাদেশই তার পরিবার হয়ে উঠেছে।

পোস্টে তিনি আরও উল্লেখ করেন, তার মা সারাজীবন নিরলসভাবে মানুষের সেবা করে গেছেন। সেই দায়িত্ব ও উত্তরাধিকার তিনি গভীরভাবে অনুভব করছেন। একাগ্রতা ও দায়বদ্ধতার সঙ্গে তিনি প্রতিশ্রুতি দেন—যেখানে তার মায়ের পথচলা থেমেছে, সেখান থেকেই তিনি সেই পথযাত্রাকে এগিয়ে নেওয়ার চেষ্টা করবেন। বিশেষ করে সেই মানুষদের জন্য, যাদের ভালোবাসা ও বিশ্বাস শেষ নিঃশ্বাস পর্যন্ত বেগম খালেদা জিয়াকে শক্তি ও প্রেরণা যুগিয়েছে।

শেষে তারেক রহমান দোয়া করে লেখেন, আল্লাহ যেন তার মায়ের রূহকে শান্তি দান করেন এবং তিনি যে অসীম ভালোবাসা, ত্যাগ ও উদারতার দৃষ্টান্ত রেখে গেছেন, সেখান থেকেই যেন সবাই শক্তি, ঐক্য ও দেশপ্রেমের অনুপ্রেরণা খুঁজে পায়।

রিপোর্টার্স২৪/এসসি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪