রিপোর্টার্স২৪ ডেস্ক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির ভাইস চেয়ারম্যান ও এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি আবদুল আউয়াল মিন্টু ফেনী-৩ আসন থেকে ধানের শীষ প্রতীকে মনোনয়নপত্র জমা দিয়েছেন। জেলা রিটার্নিং কর্মকর্তার কাছে দাখিল করা হলফনামায় তিনি নিজের স্থাবর ও অস্থাবর সম্পদের মোট মূল্য উল্লেখ করেছেন ৫০৭ কোটি ৮০ লাখ ৮ হাজার ১৭১ টাকা।
হলফনামা অনুযায়ী, মিন্টুর বার্ষিক আয় ১ কোটি ৫০ লাখ ৭৯ হাজার ৮৯০ টাকা। এর মধ্যে স্থাবর সম্পত্তির পরিমাণ ৩৩৩ কোটি ৯ লাখ ৩৭ হাজার ৭৭০ টাকা এবং অস্থাবর সম্পত্তির পরিমাণ ১৭৪ কোটি ৭০ লাখ ৭০ হাজার ৪০১ টাকা। তিনি জানিয়েছেন, দেশের বাইরে তার কোনো আয় নেই।
তবে আয়কর রিটার্নে ভিন্ন চিত্র উঠে এসেছে। ২০২৫-২৬ করবর্ষের আয়কর বিবরণীতে তার মোট সম্পদের পরিমাণ দেখানো হয়েছে ১১৬ কোটি ৯০ লাখ ৮৯ হাজার ১৫৯ টাকা এবং আয় দেখানো হয়েছে ১ কোটি ১২ লাখ ১৬ টাকা। বিপরীতে তিনি আয়কর দিয়েছেন ৩৯ লাখ ৩২ হাজার ১৬ টাকা।
হলফনামায় উল্লেখ করা হয়েছে, ব্যক্তিগতভাবে তার নামে কোনো ঋণ নেই। তবে তার সংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠানের নামে রয়েছে ২৯৪ কোটি টাকার ঋণ।
স্ত্রী নাসরিন ফাতেমা আউয়ালকে ব্যবসায়ী হিসেবে উল্লেখ করে মিন্টু জানিয়েছেন, তার স্ত্রীর মোট সম্পদের পরিমাণ ৯৯ কোটি ২৪ লাখ ১৮ হাজার ৬৯৮ টাকা। এর মধ্যে স্থাবর সম্পত্তি ২৪ কোটি ৬৬ লাখ ৭৯ হাজার ৬৮৬ টাকা এবং অস্থাবর সম্পত্তি ৭৪ কোটি ৫৭ লাখ ৩৯ হাজার ১২ টাকা। স্ত্রীর আয়কর রিটার্নে ২০২৫-২৬ করবর্ষে সম্পদের পরিমাণ দেখানো হয়েছে ১৪ কোটি ৭৮ লাখ ৩৬ হাজার ৯৪৫ টাকা এবং আয় ১ কোটি ৬৩ লাখ ৬৬ হাজার ৩১৮ টাকা। তিনি আয়কর দিয়েছেন ২৮ লাখ ৭৩ হাজার ৮৭৪ টাকা।
স্বর্ণালংকার প্রসঙ্গে হলফনামায় উল্লেখ করা হয়েছে, মিন্টুর নিজের নামে রয়েছে মাত্র ২ লাখ টাকার গহনা, আর তার স্ত্রীর নামে রয়েছে ৪৮ লাখ ৪ হাজার ৬৭৮ টাকার স্বর্ণালংকার।
এছাড়া হলফনামায় তার তিন পুত্র সন্তানের সম্পদের হিসাবও তুলে ধরা হয়েছে। বড় ছেলে তাবিথ আউয়াল-এর সম্পদের পরিমাণ ৫৯ কোটি ৪২ লাখ ৪৩ হাজার ৭০৭ টাকা, আয় ১ কোটি ৬৭ লাখ ৪৯ হাজার ৫৩৬ টাকা এবং আয়কর ৫৭ লাখ ১৫ হাজার ১৭৩ টাকা।
মেঝো ছেলে তফসির মোহাম্মদ আউয়াল-এর সম্পদের পরিমাণ ৪৯ কোটি ৩২ লাখ ১৬ হাজার ৩২২ টাকা, আয় ৫৩ লাখ ৮১ হাজার ৮৯৫ টাকা এবং আয়কর ১৫ লাখ ৩৩ হাজার ৪৪৯ টাকা।
ছোট ছেলে তাজোয়ার মোহাম্মদ আউয়াল-এর সম্পদের পরিমাণ ২৬ কোটি ১৮ লাখ ৩২ হাজার ৫১৭ টাকা, আয় ৪৯ লাখ ২৫ হাজার ৬২৯ টাকা এবং আয়কর ১৩ লাখ ৫৫ হাজার ৪৯৫ টাকা। শিক্ষাগত যোগ্যতার ঘরে আবদুল আউয়াল মিন্টু উল্লেখ করেছেন, তিনি স্নাতকোত্তর ডিগ্রিধারী।
আইনি বিষয়ে হলফনামায় তিনি জানিয়েছেন, রাজধানীর ধানমন্ডি থানায় দায়ের করা একটি মামলায় (দণ্ডবিধির ৩৮৫/৩৮৬/৩৮৭ ধারা) তিনি বর্তমানে জামিনে আছেন এবং হাইকোর্টের আদেশে মামলার কার্যক্রম স্থগিত রয়েছে। এর আগে তার বিরুদ্ধে দায়ের হওয়া ২৬টি মামলা নিষ্পত্তি হয়ে তিনি অব্যাহতি পেয়েছেন।
রিপোর্টার্স২৪/ঝুম