রিপোর্টার্স২৪ ডেস্ক: কুমিল্লা-১ আসনে বিএনপির প্রার্থী ড. মোশাররফের মোট সম্পদের পরিমাণ ২০ কোটি ১৫ লাখ ৫ হাজার ১৭১ টাকা। তার চেয়ে তার স্ত্রীর জমির পরিমাণ দ্বিগুণ। এদিকে কুমিল্লা-১১ আসনে জামায়াতের নায়েবে আমির ডা. তাহের মোট ১ কোটি ৮৫ লাখ টাকার সম্পদ প্রদর্শন করেছেন। তার চেয়ে স্ত্রীর সম্পদ ৫ গুণ বেশি। হলফনামা সূত্রে প্রাপ্ত তথ্য নিচে তুলে ধরা হলো-
কুমিল্লা-১ (দাউদকান্দি-মেঘনা) : এই আসনে বিএনপি মনোনীত প্রার্থী দলের স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেনের চেয়ে স্ত্রীর জমির পরিমাণ দ্বিগুণ। স্থাবর-অস্থাবর সম্পদ ও বার্ষিক আয় মিলে খন্দকার মোশাররফের মোট সম্পদের মূল্য ২০ কোটি ১৫ লাখ ৫ হাজার ১৭১ টাকা। স্ত্রীর রয়েছে ১৫ কোটি ৫ লাখ ৪৫ হাজার ২৯৭ টাকা এবং বিয়ের সময় উপহার পাওয়া ৪০ ভরি স্বর্ণ। ২৮ ডিসেম্বর কুমিল্লার দাউদকান্দিতে সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে জমা দেওয়া হলফনামায় তিনি এ তথ্য উল্লেখ করেছেন।
ড. মোশাররফের নামে মোট ১৪৩ শতক কৃষি জমি এবং ২৩ শতক অকৃষি জমি রয়েছে। যার অর্জনকালীন মূল্য ৭৮ লাখ ১৪ হাজার ৭৫০ টাকা। ঢাকার গুলশানে ৫ কাঠা জমির ওপর ৬ তলা বাড়ি, যার মূল্য ২ কোটি ৭৬ লাখ ৯০ হাজার ৯৩৪ টাকা। স্ত্রীর নামে রয়েছে ২৭০.৩২ শতক জমি, অকৃষি ১০ কাঠা ৭ শতক জমি। যার মূল্য ১১ লাখ ৯৯ হাজার ৩ হাজার ৮৫০ টাকা।। স্ত্রীর নামে ঢাকায় বাড়ি ২টি, যার মূল্য ৩ কোটি ৭১ লাখ ৯০ হাজার টাকা। গুলশানে একটি ফ্ল্যাট রয়েছে, যার মূল্য ১৮ লাখ ৮০ হাজার টাকা। ড. মোশাররফের নামে ২টি আগ্নেয়াস্ত্রের লাইসেন্স রয়েছে। তার হাতে নগদ অর্থ রয়েছে ৩৮ লাখ ৯৯ হাজার ৮০০ টাকা। স্ত্রীর কাছে নগদ ৯ লাখ ৫ হাজার ১৬৭ টাকা রয়েছে। তার নামে পাজেরো জিপ ১টি, হার্ড জিপ হুন্দাই ১টি গাড়ি এবং তার স্ত্রীর নামে একটি হার্ড জিপ হুন্দাই গাড়ি রয়েছে।?
এদিকে তার বড় ছেলে খন্দকার মাহবুব হোসেনের সম্পদের পরিমাণ ৫ কোটি ৪৬ লাখ ৭৯ হাজার ৫৭ টাকা, ছোট ছেলে খন্দকার মারুফ হোসেনের সম্পদের পরিমাণ ৪ কোটি ২৮ লাখ ৭১ হাজার ৭৭১ টাকা এবং তার মেয়ে মাহজাবিন খন্দকারের সম্পদের পরিমাণ ২ কোটি ৩৫ লাখ ৫৭ হাজার ৪৫৭ টাকা।
কুমিল্লা-১১ (চৌদ্দগ্রাম) আসন : এই আসনে জামায়াত জোটের প্রার্থী এবং দলটির নায়েবে আমির ডা. আবদুল্লাহ মোহাম্মদ তাহেরের চেয়ে স্ত্রীর সম্পদ ৫ গুণ বেশি। নির্বাচনি হলফনামায় তিনি সব মিলিয়ে মোট ১ কোটি ৮৫ লাখ টাকার সম্পদ দেখিয়েছেন। স্ত্রী ডা. হাবিবা আক্তার চৌধুরীর রয়েছে ৫ কোটি ৫০ লাখ টাকা। ২৮ ডিসেম্বর দাখিল করা হলফনামায় তিনি এ তথ্য উল্লেখ করেছেন।
সৈয়দ তাহেরের নামে মোট ১০ শতক কৃষি জমি এবং ১৫ শতক অকৃষি জমি রয়েছে। যার অর্জনকালীন মূল্য ২২ লাখ ১৬ হাজার টাকা। তার স্ত্রীর নামে রয়েছে ০.৮ একর ১৫ কাঠা জমি। যার মূল্য উল্লেখ করা হয়েছে ৩২ লাখ ৫৬ হাজার ৮৬৫ টাকা। স্ত্রীর নামে বাড়ি রয়েছে ৩টি, যার মূল্য ৩ কোটি ২২ লাখ ৫৩ হাজার ৭০০ টাকা। স্থাবর সম্পত্তি সৈয়দ তাহেরের রয়েছে ১ কোটি টাকা এবং তার স্ত্রীর রয়েছে ৫ কোটি ৫০ লাখ টাকা। ব্যাংকে তার স্ত্রীর নামে জমা রয়েছে ৭ লাখ ৫৯ হাজার ১৩২ টাকা। পাশাপাশি এক্সিম ব্যাংকের গুলশান শাখায় ৯ লাখ ৪৬ হাজার ৪৬৭ টাকা এবং সিটি ব্যাংক এজেন্ট ব্যাংকিং হিসাবে ৩ হাজার ৪৮৫ টাকা রয়েছে। সঞ্চয়পত্র ৪ লাখ ১ হাজার ৫৯৬ টাকা।
বর্তমানে স্ত্রীর অস্থাবর সম্পদের পরিমাণ ১ কোটি ৭০ লাখ টাকা। সৈয়দ তাহেরের হাতে নগদ অর্থ রয়েছে ৫১ লাখ ৮ হাজার ২২৪ টাকা। স্ত্রীর আছে নগদ ২১ লাখ ৯২ হাজার ৯৬৮ টাকা। সৈয়দ তাহের কুমিল্লা সেন্ট্রাল মেডিকেল কলেজ ও হাসপাতালের চেয়ারম্যান হওয়ার কারণে কলেজের নামে ৩ কোটি ১৪ লাখ ৭৪ হাজার টাকা ঋণ নেওয়া হয়েছে কুমিল্লা এক্সিম ব্যাংক থেকে। স্ত্রীর নামে ইসলামী ব্যাংকে ৯ লাখ ৪ হাজার ১০৭ টাকা, আল আরাফা ব্যাংকে ১ লাখ ৪৪ হাজার ২৬৯ টাকা ও স্ট্যান্ডার্ড ব্যাংকে ২৭ লাখ ২ হাজার ৩৪৭ টাকা ঋণ রয়েছে।
রিপোর্টার্স২৪/ঝুম