রিপোর্টার্স২৪ ডেস্ক: একুশে পদকপ্রাপ্ত প্রখ্যাত ছড়াকার সুকুমার মারা গেছেন। শুক্রবার (২ জানুয়ারি) ভোর ৬টা ৫৫ মিনিটে চট্টগ্রামের রাউজান উপজেলার গহিরায় জে কে মেমোরিয়াল হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। দীর্ঘদিন ধরে নানা জটিল রোগে ভুগছিলেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৮ বছর।
সুকুমার বড়ুয়া ১৯৩৮ সালের ৫ জানুয়ারি চট্টগ্রামের রাউজান উপজেলার মধ্যম বিনাজুরি গ্রামে জন্মগ্রহণ করেন। তার বাবা সর্বানন্দ বড়ুয়া এবং মা কিরণ বালা বড়ুয়া। কর্মজীবনের শুরুতে ১৯৬২ সালে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে চতুর্থ শ্রেণির কর্মচারী হিসেবে যোগ দেন। দীর্ঘ চাকরি জীবনের পর ১৯৯৯ সালে স্টোরকিপার হিসেবে অবসরে যান।
শিশুসাহিত্যের জগতে তিনি ছিলেন এক অনন্য নাম। কচি-কাঁচার আসর, খেলাঘর ও মুকুলের মাহফিলসহ বিভিন্ন শিশু-কিশোর পত্রিকায় নিয়মিত তার লেখা প্রকাশিত হয়েছে। প্রায় ছয় দশক ধরে ছড়া রচনার মাধ্যমে তিনি বাংলা শিশুসাহিত্যে নিজের স্বতন্ত্র অবস্থান তৈরি করেন।
তার উল্লেখযোগ্য গ্রন্থের মধ্যে রয়েছে; লেজ আবিষ্কার, ছোটদের হাট, কোয়াল খাইয়ে, ঠিক আছে ঠিক আছে, পাগলা ঘোড়া, ভিজে বেড়াল, চন্দনা রঞ্জনার ছড়া, এলোপাতাড়ি, নানা রঙের দিন, সুকুমার বড়ুয়ার ১০১টি ছড়া, চিচিং ফাঁক, কিছু না কিছু, প্রিয় ছড়া শতক, নদীর খেলা, মজার পড়া ১০০ ছড়া, সুকুমার বড়ুয়ার ছড়াসম্ভার (দুই খণ্ড), যুক্তবর্ণ, চন্দনার পাঠশালা এবং জীবনের ভেতরে বাইরে।
ভাষা ও সাহিত্যে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে ২০১৭ সালে তাকে একুশে পদকে ভূষিত করে সরকার। এ ছাড়া তিনি বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার, বাংলাদেশ শিশু একাডেমি সাহিত্য পুরস্কার, আলাওল সাহিত্য পুরস্কার, চট্টগ্রাম প্রেস ক্লাব সম্মাননা, অবসর সাহিত্য পুরস্কার, আনন ফাউন্ডেশন আজীবন সম্মাননা এবং চন্দ্রাবতী শিশুসাহিত্য পুরস্কারসহ অসংখ্য সম্মাননা লাভ করেন।
রিপোর্টার্স২৪/এসসি