| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ভারপ্রাপ্ত থেকে চেয়ারম্যানের দায়িত্ব নিতে যাচ্ছেন তারেক রহমান

reporter
  • আপডেট টাইম: জানুয়ারী ০২, ২০২৬ ইং | ৬:৪৭:৩৯:অপরাহ্ন  |  102926 বার পঠিত
ভারপ্রাপ্ত থেকে চেয়ারম্যানের দায়িত্ব নিতে যাচ্ছেন তারেক রহমান
ছবির ক্যাপশন: সংগৃহীত ছবি

সিনিয়র রিপোর্টার: খালেদা জিয়ার মৃত্যুর পর শূন্য হওয়া বিএনপির চেয়ারম্যান পদে দায়িত্ব নিতে যাচ্ছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বিএনপির গঠনতন্ত্র অনুযায়ী তিনি ইতোমধ্যে স্বয়ংক্রিয়ভাবে চেয়ারম্যানের দায়িত্বপ্রাপ্ত হয়েছেন। শিগগিরই এ বিষয়ে দলীয়ভাবে আনুষ্ঠানিক ঘোষণা আসতে পারে বলে জানিয়েছেন নীতিনির্ধারণী পর্যায়ের নেতারা।

খালেদা জিয়ার মৃত্যুর পর বিএনপির চেয়ারম্যান পদটি শূন্য হয়েছে। যদিও এখনো দলীয়ভাবে আনুষ্ঠানিক ঘোষণা আসেনি, তবে গঠনতন্ত্র অনুযায়ী বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানই এখন দলটির চেয়ারম্যান। শিগগিরই তিনি আনুষ্ঠানিকভাবে এই দায়িত্ব গ্রহণ করতে যাচ্ছেন।

বিএনপির নীতিনির্ধারণী পর্যায়ের নেতারা জানান, দলের গঠনতন্ত্র অনুযায়ী চেয়ারম্যানের পদ শূন্য হলে সিনিয়র ভাইস চেয়ারম্যান অবশিষ্ট মেয়াদের জন্য চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করবেন। সে হিসেবে স্বয়ংক্রিয়ভাবেই চেয়ারম্যানের দায়িত্ব পেয়েছেন তারেক রহমান।

বিএনপির গঠনতন্ত্রের ৭-এর ‘গ’ ধারার (৩) উপধারায় বলা হয়েছে— যেকোনো কারণে চেয়ারম্যানের পদ শূন্য হলে সিনিয়র ভাইস চেয়ারম্যান অবশিষ্ট মেয়াদের জন্য চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করবেন এবং নতুন চেয়ারম্যান নির্বাচিত না হওয়া পর্যন্ত তিনি ওই দায়িত্বে বহাল থাকবেন।

গত ৩০ ডিসেম্বর বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুর মধ্য দিয়ে দলটির চেয়ারম্যান পদটি শূন্য হয়। ১৯৮৪ সালের ১০ মে থেকে চলতি বছরের ৩০ ডিসেম্বর পর্যন্ত দীর্ঘ সময় ধরে তিনি বিএনপির সর্বোচ্চ দায়িত্ব পালন করে আসছিলেন।

দলীয় সূত্র জানায়, খালেদা জিয়া কারাবন্দি হওয়ার পর থেকেই তারেক রহমান সিনিয়র ভাইস চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। গঠনতন্ত্রের ৭-এর ‘গ’ ধারার (২) উপধারা অনুযায়ী চেয়ারম্যানের সাময়িক অনুপস্থিতিতে সিনিয়র ভাইস চেয়ারম্যান দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে চেয়ারম্যানের সব দায়িত্ব পালন করবেন। এই বিধান অনুযায়ী ২০১৮ সালের ফেব্রুয়ারি থেকে তারেক রহমান ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দল পরিচালনা করে আসছেন।

বিএনপির স্থায়ী কমিটির একাধিক সদস্য জানান, দলীয় শূন্যতা পূরণ এবং সাংগঠনিক ধারাবাহিকতা বজায় রাখতে শিগগিরই এ বিষয়ে আনুষ্ঠানিক সিদ্ধান্ত আসছে। আগামী এক থেকে দুই দিনের মধ্যেই স্থায়ী কমিটির বৈঠকে তারেক রহমানকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান থেকে চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণের ঘোষণা দেওয়া হতে পারে।

এ বিষয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু একটি জাতীয় দৈনিককে বলেন, খালেদা জিয়ার মৃত্যুতে শুধু বিএনপির নেতাকর্মীরাই নয়, পুরো দেশ অভিভাবকহীনতায় পড়েছে। তারেক রহমানও শোকে মুহ্যমান। এ অবস্থায় পদ-পদবি নিয়ে কোনো তাড়াহুড়া নেই। তবে বাস্তবতা হলো, তারেক রহমানই এখন বিএনপির চেয়ারম্যান।

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার বড় সন্তান তারেক রহমান ১৯৮৮ সালে বগুড়ার গাবতলী থানা বিএনপির সাধারণ সদস্য হিসেবে রাজনীতিতে যুক্ত হন। পরবর্তীতে ১৯৯১ ও ১৯৯৬ সালে তিনি দলের সাংগঠনিক দায়িত্ব পালন করেন। ২০০২ সালে তিনি বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব হন।

২০০৭ সালের এক-এগারোর রাজনৈতিক পটপরিবর্তনের পর তিনি গ্রেপ্তার হন। ২০০৮ সালে মুক্তি পেয়ে চিকিৎসার জন্য সপরিবারে যুক্তরাজ্যে যান। ২০১৮ সালে খালেদা জিয়া কারাগারে গেলে যুক্তরাজ্য থেকেই তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দলের নেতৃত্ব দেন। দীর্ঘ ১৭ বছরের প্রবাসজীবন শেষে তিনি গত ২৫ ডিসেম্বর দেশে ফেরেন।

রিপোর্টার্স২৪/এসসি


ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪