রিপোর্টার্স২৪ ডেস্ক: সদ্যপ্রয়াত বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার কবর জিয়ারত করতে ঢাকায় নেতাকর্মীদের ঢল নেমেছে। শুক্রবার (২ জানুয়ারি) সকাল থেকেই বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ, বিভিন্ন অঞ্চলের নেতাকর্মী ও সাধারণ মানুষ জিয়া উদ্যানে এসে তার কবরের উদ্দেশ্যে পা ফেলছেন।
এর আগে খালেদা জিয়ার নাতনি ও তারেক রহমানের কন্যা জাইমা রহমান, ছোট ছেলে আরাফাত রহমান কোকোর স্ত্রী সৈয়দা শর্মিলা রহমানসহ পরিবারের নিকটাত্মীয়রা কবর জিয়ারত করেছেন। তখন কিছু সময়ের জন্য জনসাধারণের প্রবেশ বন্ধ ছিল, পরে তা পুনরায় উন্মুক্ত করা হয়।
মোখলেছুর রহমান নামের এক নেতা বলেন, আমার নেত্রীর কবর জিয়ারত করতে ধানমন্ডি থেকে এসেছি। আল্লাহ তাকে জান্নাতুল ফেরদৌস দান করুন। গেন্ডারিয়া থেকে মুজিবুল হক তার পরিবার নিয়ে জিয়া উদ্যানে এসেছেন। তিনি জানান, খালেদার কবর জিয়ারত করতে এসেছি।
জাতীয় সংসদ ভবনের উত্তর পাশে সড়কে দেশের বিভিন্ন প্রান্ত থেকে বাস ও মাইক্রোবাসে নেতাকর্মীদের আসা দেখা গেছে। ছোট ছোট মিছিলগুলো জিয়া উদ্যানে প্রবেশ করছে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার কবর জিয়ারত করছেন নেতারা। আইন-শৃঙ্খলা রক্ষায় সেখানে পুলিশ ও বিজিবির সদস্যরা দায়িত্ব পালন করছেন।
পটুয়াখালীর মির্জাগঞ্জ থেকে আসা শাফিউর রহমান সাফি বলেন, নেত্রীর বিদায় জানানোর দিন অফিস থাকায় আসতে পারিনি। আজ রাতেই রওনা হয়েছি। সকালে এসে ঢাকায় পৌঁছেছি এবং কবর জিয়ারত করেছি। আল্লাহ তাকে বেহেস্ত নসিব করুন।
উল্লেখ্য, খালেদা জিয়ার মৃত্যুতে দেশজুড়ে আজ তৃতীয় ও শেষ দিনের মতো রাষ্ট্রীয় শোক পালিত হচ্ছে। দেশের সকল মসজিদ, মন্দির, গির্জা ও প্যাগোডাসহ ধর্মীয় উপাসনালয়ে বিশেষ দোয়া ও প্রার্থনার আয়োজন করা হয়েছে। জুমার নামাজের পর সকল মসজিদে তার রুহের মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হবে।
গত ৩১ ডিসেম্বর বুধবার সাবেক প্রধানমন্ত্রীকে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় তার স্বামী শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কবরের পাশে দাফন করা হয়। ছেলে তারেক রহমান পরিবারের সঙ্গে মাকে দাফন করেন। মরহুমার প্রতি রাষ্ট্রীয় সম্মাননা হিসেবে ‘গার্ড অব অনার’ প্রদানের আয়োজন করা হয়।
রিপোর্টার্স২৪/ঝুম