সুনামগঞ্জ প্রতিনিধি: চলমান অপারেশন ডেভিলহান্ট ফেইজ-২–এর অভিযানে নাশকতা মামলায় আওয়ামী লীগের (কার্যক্রম নিষিদ্ধ) এক নেতা গ্রেপ্তার হয়েছেন।
সুনামগঞ্জের ছাতক উপজেলায়, চরমহল্লা ইউনিয়নের ৩নং ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি ওয়াসিম উদ্দিন (৩৬) কে বৃহস্পতিবার (১ জানুয়ারি) রাতে তার নিজ বাড়ি থেকে পুলিশ গ্রেপ্তার করে। তিনি উপজেলার চরমহল্লা ইউনিয়নের গারুচড়া গ্রামের লাল মিয়ার ছেলে।
পুলিশ জানায়, ওয়াসিম উদ্দিন নাশকতা সহ একাধিক মামলার পলাতক আসামি ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার রাতে তার বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। এরপর শুক্রবার (২ জানুয়ারি) দুপুরে নাশকতা মামলায় গ্রেপ্তার দেখিয়ে সুনামগঞ্জ আদালতে পাঠানো হয়।
ছাতক থানার ওসি মিজানুর রহমান বলেন, “ওয়াসিম উদ্দিন দীর্ঘদিন পলাতক ছিলেন। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিয়মিত অভিযান পরিচালনা করছে। গ্রেপ্তারের পর তাকে আদালতে পাঠানো হয়েছে। এলাকায় শান্তিশৃঙ্খলা রক্ষায় অপারেশন ডেভিলহান্টের কার্যক্রম অব্যাহত থাকবে।”
রিপোর্টার্স২৪/ আয়েশা