কুমিল্লা প্রতিনিধি: জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর মুখ্য সংগঠক ও কুমিল্লা-৪ (দেবীদ্বার) আসনে এনসিপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী হাসনাত আব্দুল্লাহ বলেছেন, যারা অতীতে ভোটকেন্দ্র দখল করেছে, ভবিষ্যতেও কেন্দ্র দখলের চেষ্টা করবে কিংবা এতে সহায়তা করার সিদ্ধান্ত নিয়েছে—তাদের কাউকেই বিন্দু পরিমাণ ছাড় দেওয়া হবে না।
শুক্রবার (২ জানুয়ারি) সকালে কুমিল্লার দেবীদ্বার পৌরসভার মিলনায়তনে উপজেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে আয়োজিত দোয়া ও মোনাজাত অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
হাসনাত আব্দুল্লাহ বলেন, সংস্কার ও ইনসাফভিত্তিক একটি সমাজ গড়তে হলে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জনগণের ভোটে নির্বাচিত হয়ে জোটের নেতৃত্বে সরকার গঠন করতে হবে। এ লক্ষ্যেই আমরা মাঠে নেমেছি।
নিজের সততার বিষয়ে দৃঢ় অবস্থান তুলে ধরে তিনি বলেন, ‘আমি আল্লাহকে সাক্ষী রেখে বলতে পারি, গত ১৪ মাসে এক কাপ চায়ের টাকাও দুর্নীতি করিনি। সারা বাংলাদেশকে সাক্ষী রেখে বলছি—একজন মানুষও দাঁড়িয়ে বলতে পারবে না যে আমি কারো কাছ থেকে এক কাপ চায়ের টাকাও আত্মসাৎ করেছি।’
তিনি আরও বলেন, ‘যতক্ষণ পর্যন্ত আমার ওপর বেইনসাফি করা হবে না, ততক্ষণ আমার নীতির প্রশ্নে আমি আপসহীন। আপনি আমার বিরুদ্ধে ভোট দিতে পারেন—আমি আপনার ভোট দেওয়ার নিরাপত্তা নিশ্চিত করব। কিন্তু যদি মানুষের ভোটাধিকার হরণ করতে আসেন, কেন্দ্র দখলের চেষ্টা করেন, প্রশাসন, পুলিশ, ক্যাডার কিংবা অর্থ ব্যবহার করে নির্বাচন ম্যানিপুলেট করতে চান—আমরা তার বিরুদ্ধে শক্তভাবে দাঁড়াব।’
বেগম খালেদা জিয়ার রাজনৈতিক জীবনের কথা স্মরণ করে হাসনাত আব্দুল্লাহ বলেন, দল-মত নির্বিশেষে তিনি ছিলেন সবার প্রিয় একজন মানুষ। ফ্যাসিস্ট আওয়ামী লীগ তাকে দীর্ঘদিন কারাবন্দি রেখে তিলে তিলে হত্যা করেছে, তবু তিনি অন্যায়ের কাছে মাথা নত করেননি। শেখ হাসিনা বারবার তাকে নিয়ে বিদ্রুপ ও তামাশা করলেও তিনি কখনো তার জবাব দেননি। তার এই রাজনৈতিক দৃঢ়তা থেকেই আমাদের শিক্ষা নিতে হবে।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন কুমিল্লা উত্তর জেলা জামায়াত ইসলামের সেক্রেটারি মো. সাইফুল ইসলাম শহীদ, যিনি এ আসনে জামায়াত মনোনীত প্রার্থী ছিলেন।
দেবীদ্বার উপজেলা জামায়াতের সেক্রেটারি অধ্যাপক রুহুল আমিনের সঞ্চালনায় এবং উপজেলা আমির অধ্যাপক শহীদুল ইসলামের সভাপতিত্বে আরও বক্তব্য দেন কুমিল্লা উত্তর জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মাওলানা আমিনুল ইসলাম, অধ্যাপক লোকমান হোসাইন, পৌর জামায়াতের আমির মো. ফেরদৌস আহমেদ এবং এনসিপির উপজেলা প্রধান সমন্বয়ক মো. জাহাঙ্গীর আলম সরকার।
রিপোর্টার্স২৪/ আয়েশা