রিপোর্টার্স২৪ ডেস্ক: বাংলাদেশের সংবিধানের অন্যতম প্রণেতা ও গণফোরামের প্রতিষ্ঠাতা ড. কামাল হোসেন গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। শুক্রবার (২ জানুয়ারি) তাকে রাজধানীর স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়।
গণফোরামের সাধারণ সম্পাদক মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, ড. কামাল হোসেন ফুসফুসজনিত জটিলতায় ভুগছেন। বর্তমানে তিনি চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন। দলটির পক্ষ থেকে দেশবাসীর কাছে তার দ্রুত সুস্থতার জন্য দোয়া কামনা করা হয়েছে।
তিনি জানান, বয়সজনিত কারণে ড. কামাল হোসেনের শারীরিক অবস্থা বেশ কিছুদিন ধরেই দুর্বল ছিল। তবে হঠাৎ করে শ্বাসকষ্টজনিত সমস্যার অবনতি হলে তাকে হাসপাতালে ভর্তি করার সিদ্ধান্ত নেওয়া হয়।
উল্লেখ্য, সর্বশেষ গত বুধবার সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে মানিক মিয়া অ্যাভিনিউতে উপস্থিত ছিলেন ড. কামাল হোসেন।
৮৮ বছর বয়সী এই বর্ষীয়ান রাজনীতিক ও বিশিষ্ট আইনজীবী বাংলাদেশের সংবিধান প্রণয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। ১৯৭২ সালে তিনি সংবিধান প্রণয়ন কমিটির প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন। দীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি গণতন্ত্র, আইনের শাসন ও মানবাধিকারের পক্ষে সোচ্চার ভূমিকা রেখে চলেছেন।
রিপোর্টার্স২৪/ আয়েশা