সিনিয়র রিপোর্টার: ইনকিলাব মঞ্চ হুঁশিয়ারি দিয়েছে, শহীদ শরিফ ওসমান হাদিকে হত্যার বিচারে আগামী ৩০ কার্যদিবসের মধ্যে ফল না হলে তারা সরকারের বিরুদ্ধে একদফা আন্দোলন শুরু করবে।
শুক্রবার (২ জানুয়ারি) বিকেলে রাজধানীর শাহবাগ মোড়ে আয়োজিত অবস্থান কর্মসূচিতে সংগঠনটির নেতাকর্মীরা এ ঘোষণা দেন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ থেকে জুমার নামাজ শেষে বের করা বিক্ষোভ মিছিল শাহবাগ মোড়ে পৌঁছে অবস্থান ও সমাবেশে পরিণত হয়। ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আবদুল্লাহ আল জাবের বলেন, আমরা সরকারকে ৩০ কার্যদিবস সময় দিয়েছি। এখন ২২ দিন বাকি। এ সময়ের মধ্যে যদি বিচার প্রক্রিয়া সম্পন্ন না হয়, আমরা এই সরকারকে আর ক্ষমতায় দেখতে চাই না।
তিনি আরও দাবি করেন, আগামী ৭ জানুয়ারির মধ্যে শুধু হত্যাকারী নয়, এই হত্যাকাণ্ডের নেপথ্যে যারা মদদদাতা, তাদের সবাইকে চিহ্নিত করে চার্জশিট আদালতে দাখিল করতে হবে।
জাবের অভিযোগ করেন, হাদিকে গুলি করার ২১ দিন পার হলেও মূল খুনিদের গ্রেপ্তার করার কোনো সদিচ্ছা সরকারের মধ্যে দেখা যাচ্ছে না। ডিএমপি কমিশনার জানিয়েছেন মূল ঘাতক মেঘালয়ে গ্রেপ্তার হয়েছে, কিন্তু মেঘালয় পুলিশ তা অস্বীকার করেছে। এ পর্যন্ত গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা মূলত অভিযুক্তদের পরিবারের সদস্য, প্রকৃত ঘাতক নয়।
ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে জানানো হয়েছে, শনিবার (৩ জানুয়ারি) তারা দেশের সব বাংলাদেশপন্থী রাজনৈতিক দল ও সাংস্কৃতিক সংগঠনের কাছে যাবেন এবং হাদি হত্যার বিচারে সহযোগিতা চাইবেন। সংগঠনের নেতাকর্মীরা রাজপথে থেকে লড়াই চালিয়ে যাওয়ার অঙ্গীকারও করেছেন।
উল্লেখ্য, শহীদ শরিফ ওসমান বিন হাদি আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে ঘোষণা দিয়েছিলেন। গত ১২ ডিসেম্বর গণসংযোগকালে বিজয়নগরের বিজয়নগর এলাকায় দুর্বৃত্তদের গুলিতে গুরুতর জখম হন। ঢাকায় চিকিৎসার পর অবস্থার অবনতি হলে ১৫ ডিসেম্বর তাকে সিঙ্গাপুরে নেওয়া হয়, যেখানে ১৮ ডিসেম্বর চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।
রিপোর্টার্স২৪/এসসি