রিপোর্টার্স২৪ ডেস্ক: জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম দলের আহ্বায়ক ও ঢাকা-৬ আসনের বিএনপি মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন বলেছেন, দেশে মুক্তিযুদ্ধবিরোধী একটি ন্যারেটিভ প্রতিষ্ঠার চেষ্টা হচ্ছে, যা অত্যন্ত উদ্বেগজনক। তিনি বলেন, মুক্তিযুদ্ধ আমাদের পরিচয় দিয়েছে, স্বাধীন ভূখণ্ড দিয়েছে এবং বাংলাদেশকে স্বাধীন রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত করেছে।
শুক্রবার (২ জানুয়ারি) রাজধানীর জিয়া উদ্যানে মুক্তিযোদ্ধা দল ও মুক্তিযুদ্ধের প্রজন্ম দলের উদ্যোগে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার কবরে শ্রদ্ধা নিবেদন ও পুষ্প অর্পণের সময় ইশরাক হোসেন এসব কথা বলেন।
তিনি আরও বলেন, গণঅভ্যুত্থানের পর দেশকে অগ্রাধিকার দিয়ে সব গণতান্ত্রিক শক্তিকে একত্রিতভাবে কাজ করতে হবে। বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব প্রশ্নে কখনো আপস হয়নি, হবে না, যোগ করেন তিনি।
ইশরাক হোসেন উল্লেখ করেন, জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার রাজনৈতিক আদর্শের উত্তরাধিকার হিসেবে তারেক রহমানের নেতৃত্ব বাংলাদেশে গ্রহণযোগ্যতা পেয়েছে। পাশাপাশি দেশের অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক মিডিয়া, কূটনৈতিক মহল এবং সুশীল সমাজে তার বক্তব্য ও বাংলাদেশের ভবিষ্যৎ পরিকল্পনা ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।
তিনি দেশের অর্থনৈতিক অগ্রগতির পরিকল্পনার কথাও তুলে ধরেন। এর মধ্যে বেকারত্ব দূরীকরণ, তথ্যপ্রযুক্তি ও প্রযুক্তিগত উন্নয়ন, বিদেশে কর্মরত ও কর্মপ্রত্যাশী শ্রমিকদের দক্ষ প্রশিক্ষণ এবং রপ্তানি খাত থেকে বৈদেশিক আয়ের বৃদ্ধির বিষয় উল্লেখযোগ্য।
ইশরাক হোসেন বলেন, বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, ভৌগোলিক অখণ্ডতা, গণতন্ত্র ও মৌলিক অধিকারই আমাদের অনুপ্রেরণা। বেগম খালেদা জিয়া কারাবন্দী অবস্থায় থেকেও দেশের স্বার্থে কোনো আপোষ করেননি। এই পরিবারের ওপর আঘাত মানে বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বে বিশ্বাসী জনগণের ওপর আঘাত।
এই সময় জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের সভাপতি ইশতিয়াক আজিজ উলফাত, মুক্তিযুদ্ধের প্রজন্ম দলের সদস্য সচিব অ্যাডভোকেট কে এম কামরুজ্জামান নান্নুসহ দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
রিপোর্টার্স২৪/এসসি