রিপোর্টার্স২৪ ডেস্ক: শরিফ ওসমান হাদি হত্যার বিচার নিশ্চিতের দাবিতে আজ শনিবার থেকে সারা দেশে ‘মার্চ ফর ইনসাফ’ কর্মসূচি শুরু করেছে ইনকিলাব মঞ্চ। আগামী ৬ জানুয়ারি পর্যন্ত চলবে এই কর্মসূচি। এ সময় সংগঠনটির নেতাকর্মীরা সরকার, বিভিন্ন রাজনৈতিক দল এবং দেশের প্রত্যন্ত অঞ্চলের সাধারণ মানুষের সঙ্গে যোগাযোগ করে হাদি হত্যার বিচার আদায়ে সমর্থন চাইবেন।
ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী ৭ জানুয়ারির মধ্যে হাদি হত্যাকাণ্ডে জড়িতদের শনাক্ত করে অভিযোগপত্র দাখিল করতে হবে। অন্যথায় ৭ জানুয়ারির পর থেকে আরও কঠোর ও চূড়ান্ত আন্দোলনের পথে যাবে সংগঠনটি। নেতাদের ভাষ্য অনুযায়ী, ২২ কর্মদিবসের মধ্যে বিচার প্রক্রিয়ায় দৃশ্যমান অগ্রগতি না হলে সরকার পতনের আন্দোলনের দিকেও যেতে বাধ্য হবেন তারা।
এর আগে শুক্রবার জুমার নামাজের পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ প্রাঙ্গণ থেকে ইনকিলাব মঞ্চের উদ্যোগে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শাহবাগ মোড়ে গিয়ে অবস্থান কর্মসূচিতে রূপ নেয়।
কর্মসূচিতে বক্তব্য রাখতে গিয়ে ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আবদুল্লাহ আল জাবের রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানিয়ে বলেন, কোনো বৈঠক হলে তা হতে হবে প্রকাশ্যে। গোপন বৈঠক কিংবা বিদেশি শক্তির সঙ্গে কোনো সিক্রেট আলোচনার বিরোধিতা করেন তিনি। পাশাপাশি তিনি বলেন, দেশের চারপাশ থেকে নানা ধরনের আধিপত্যবাদ চাপিয়ে দেওয়ার চেষ্টা চলছে, যার বিরুদ্ধে ইনকিলাব মঞ্চ স্পষ্ট অবস্থান নেবে।
হাদি হত্যাকাণ্ড প্রসঙ্গে আবদুল্লাহ আল জাবের বলেন, ওসমান হাদির আত্মত্যাগ এই আন্দোলনের পথ দেখিয়েছে। সেই পথ অনুসরণ করেই দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় এবং সব ধরনের আধিপত্যবাদের বিরুদ্ধে এই লড়াই অব্যাহত থাকবে।
রিপোর্টার্স২৪/ঝুম