রিপোর্টার্স২৪ ডেস্ক: আজ সকাল থেকেই রাজধানীতে ঘন কুয়াশা নামে ঢাকার আকাশ। জিয়া উদ্যানের দূরের দৃশ্য সহজে দেখা যায় না। তবু কুয়াশার অন্ধকারকে উপেক্ষা করে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির সদ্য প্রয়াত চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার কবরের চারপাশ নেতাকর্মীদের উপস্থিতিতে মুখর।
শনিবার (৩ জানুয়ারি) বেলা ১১টার দিকে সমাধিস্থলে সরেজমিনে দেখা যায়, ঢাকা ও পার্শ্ববর্তী এলাকা থেকে বিএনপি ও অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা ফুল নিয়ে এসে বেদিতে ফুলেল শ্রদ্ধা নিবেদন করছেন। পাশাপাশি মাইকের মাধ্যমে পবিত্র কোরআন তিলাওয়াত শোনা যাচ্ছে। কবরের পাশেই ছোট একটি মঞ্চ তৈরি করা হয়েছে, যেখানে মাদরাসার ছাত্র ও শিক্ষকরা কোরআন তিলাওয়াত করছেন।
মহিলা দলের কর্মী রাজিয়া সুলতানা বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া ছিলেন আমাদের আবেগের নাম। আমরা তার আদর্শে উজ্জীবীত হয়ে রাজনীতিতে এসেছি। তাই সময় পেলেই তার কবরের কাছে ছুটে আসি।
বিএনপির আরও এক কর্মী সুমন বড়ুয়া বলেন, আমাদের মূল আদর্শ বাংলাদেশি জাতীয়তাবাদ। ধর্ম আলাদা হলেও আদর্শ এক। আমরা এসেছি প্রিয় নেত্রীর প্রতি শ্রদ্ধা জানাতে।
ঘন কুয়াশার মাঝেও নেতাকর্মীদের উৎসাহ ও শ্রদ্ধা প্রমাণ করছে, বেগম খালেদা জিয়ার প্রতি বিএনপির নেতাকর্মীদের গভীর সাদৃশ্য ও শ্রদ্ধা আজও অটুট।
রিপোর্টার্স২৪/ঝুম