নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর সুবর্ণচরে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত এক পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে চরজব্বার থানা পুলিশ। সাজা থেকে বাঁচতে দীর্ঘদিন ধরে পালিয়ে ছিলেন তিনি।
শুক্রবার (২ জানুয়ারি) রাতে চরজব্বার ইউনিয়নের চররশিদ গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত মো. বেলায়েত হোসেন (৫৫) সুবর্ণচর উপজেলার পশ্চিম চরজব্বার গ্রামের মৃত খুরশিদ আলমের ছেলে।
আজ শনিবার (৩ জানুয়ারি) দুপুরের দিকে আসামিকে নোয়াখালী চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হবে।
পুলিশ জানায়, ২০২১ সালের ২৫ ফেব্রুয়ারি ঝালকাঠি জেলার সদর থানার একটি মাদক মামলায় দায়রা জজ আদালত তাকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও দুই হাজার টাকা জরিমানা করেন। রায় ঘোষণার পর থেকেই তিনি বিভিন্ন এলাকায় আত্মগোপনে ছিলেন।
চরজব্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ লুৎফর রহমান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। এত বছর তিনি বিভিন্ন স্থানে ছদ্মবেশে ছিলেন। সাজাপ্রাপ্ত পরোয়ানাভুক্ত আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
রিপোর্টার্স২৪/ আয়েশা