স্টাফ রিপোর্টার: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নরসিংদী-২ আসন থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মনোনীত প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন দলটির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান।
এবারের নির্বাচন উপলক্ষে নির্বাচন কমিশনের দাখিল করা হলফনামা বিশ্লেষণ করে দেখা গেছে, ড. মঈন খানের বার্ষিক আয় ৭১ লাখ ৪৪ হাজার ২০০ টাকা। এছাড়া তার নামে ৪ লাখ ৯ হাজার ৭৬০ টাকার শেয়ার, সঞ্চয়পত্র ও ব্যাংক আমানত রয়েছে। তার আয়ের প্রধান উৎস বাড়ি ও বাণিজ্যিক প্রতিষ্ঠানের ভাড়া। হলফনামায় পেশা হিসেবে গবেষণা কাজের কথা উল্লেখ করেছেন তিনি। সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা হিসেবে ডক্টর অব ফিলোসফির কথা উল্লেখ করা হয়েছে।
হলফনামা অনুযায়ী ড. মঈন খানের ওপর নির্ভরশীলদের আয় ১৩ লাখ ৮০ হাজার টাকা। পাশাপাশি নির্ভরশীলদের নামে শেয়ার, সঞ্চয়পত্র ও ব্যাংক আমানত রয়েছে ৫ লাখ ৩৫ হাজার ৮১৬ টাকা।
এছাড়া, ড. মঈন খানের অন্যান্য আয়ের উৎস থেকে ২ লাখ ১৯ হাজার ২৩২ টাকা অর্জনের তথ্য দেওয়া হয়েছে। পারিবারিকভাবে তার নামে ঋণের পরিমাণ এক কোটি টাকা। ড. মঈন খান কোনো ফৌজদারি আইনের মামলায় অভিযুক্ত হন নাই।
ড. মঈন খান এর আগে নরসিংদী-২ আসনে ১৯৯১, ১৯৯৬, ২০০১ ও ২০০৮ সালে বিএনপি থেকে জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন।
রিপোর্টার্স২৪/ধ্রুব