সিলেট প্রতিনিধি: সিলেট-৩ আসনে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার লক্ষ্যে মনোনয়নপত্র দাখিল করেছেন বিএনপি মনোনীত প্রার্থী মোহাম্মদ আব্দুল মালিক (এম এ মালিক)। নির্বাচন কমিশনে জমা দেওয়া হলফনামায় তিনি তার শিক্ষাগত যোগ্যতা হিসেবে ‘স্বশিক্ষিত’ উল্লেখ করেছেন। একই সঙ্গে পেশার ঘরে বর্তমানে ‘কিছুই না’ বলে উল্লেখ রয়েছে।
মঙ্গলবার (৩০ ডিসেম্বর) রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে দাখিল করা ওই হলফনামা পর্যালোচনা করে এসব তথ্য পাওয়া গেছে।
এদিকে এম এ মালিকের মনোনয়নপত্র স্থগিত করা হয়েছে। সিলেটের রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মো. সারওয়ার আলম তার মনোনয়নপত্র স্থগিত করেন। তিনি জানান, প্রার্থীর দ্বৈত নাগরিকত্ব সংক্রান্ত কাগজপত্র যাচাই-বাছাই শেষে রোববার (৪ জানুয়ারি) এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হবে।
এম এ মালিক দীর্ঘদিন যুক্তরাজ্যে বসবাস করে আসছেন। তিনি যুক্তরাজ্য বিএনপির সভাপতির দায়িত্বও পালন করেছেন। ছিলেন প্রয়াত চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা। গত বছরের ৫ আগস্ট রাজনৈতিক পটপরিবর্তনের পর তিনি দেশে ফিরে সিলেট-৩ আসনে বিএনপি থেকে মনোনয়ন পান। যুক্তরাজ্য থেকে তিনি ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারবিরোধী আন্দোলনে বেশ সোচ্চার ছিলেন। তার বিরুদ্ধে বর্তমানে কোনো মামলা নেই।
নির্বাচন কমিশনে জমা দেওয়া হলফনামায় এম এ মালিক উল্লেখ করেছেন, তিনি যুক্তরাজ্যের নাগরিকত্ব ত্যাগ করেছেন। শিক্ষাগত যোগ্যতা হিসেবে নিজেকে ‘স্বশিক্ষিত’ এবং পেশা হিসেবে ‘কিছুই না’ উল্লেখ করেছেন। তবে আগের পেশা হিসেবে ‘প্রবাসী শ্রমিক’ বলে উল্লেখ করেছেন। তার স্ত্রী বর্তমানে গৃহিণী হলেও আগে যুক্তরাজ্যে শিক্ষকতার সাথে জড়িত ছিলেন বলে হলফনামায় জানিয়েছেন তিনি।
তবে হলফনামা অনুযায়ী তার কাছে উল্লেখযোগ্য পরিমাণ নগদ অর্থ রয়েছে। তিনি বাংলাদেশি মুদ্রায় ২ লাখ টাকা, ৭১ হাজার ৭৭৩ দশমিক ৫০ মার্কিন ডলার এবং ৬ হাজার ৭১০ ব্রিটিশ পাউন্ড থাকার তথ্য দিয়েছেন। স্ত্রীর কাছে নগদ মাত্র ১ লাখ টাকা রয়েছে বলে হলফনামায় জানিয়েছেন তিনি।
আয়ের উৎস হিসেবে দেখিয়েছেন, বাড়ি ও বাণিজ্যিক প্রতিষ্ঠান ভাড়া থেকে বছরে ৭ লাখ ৮০ হাজার টাকা আয় করেন তিনি। পাশাপাশি বিদেশে থাকা নির্ভরশীলদের একই খাত থেকে বছরে ২০ হাজার পাউন্ড আয় দেখানো হয়েছে। এছাড়া এম এ মালিকের নিজের নামে রাজধানীর বনানীতে একটি অ্যাপার্টমেন্ট এবং গ্রামের বাড়িতে যৌথ মালিকানার সম্পত্তি রয়েছে বলেও হলফনামায় উল্লেখ রয়েছে।
রিপোর্টার্স২৪/ধ্রুব