হবিগঞ্জ প্রতিনিধি: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের হবিগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক মাহদী হাসান জামিন পেয়েছেন। রবিবার সকালে হবিগঞ্জ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হলে শুনানি শেষে আদালত তার জামিন মঞ্জুর করেন।
সকাল সাড়ে ৮টার দিকে মাহদী হাসানকে আদালতে তোলা হয়। পরে সকাল ১০টার দিকে শুনানি শেষে বিচারক তাকে জামিনে মুক্তির আদেশ দেন।
এর আগে পুলিশের কাজে বাধা দেওয়ার অভিযোগে শনিবার সন্ধ্যার দিকে মাহদী হাসানকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের পর থেকেই তার মুক্তির দাবিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা-কর্মীরা আন্দোলনে নামেন।
শনিবার সন্ধ্যা থেকে রবিবার সকাল আটটা পর্যন্ত সংগঠনটির শতাধিক নেতা-কর্মী হবিগঞ্জ সদর মডেল থানার সামনে অবস্থান নেন। তারা রাতেই আদালত বসিয়ে মাহদী হাসানের জামিন শুনানির দাবি জানান। তবে রাতে আদালত না বসায় রবিবার সকালে তাকে আদালতে হাজির করা হয়।
ঘটনার সূত্রপাত হয় গত বৃহস্পতিবার মধ্যরাতে। সেদিন শায়েস্তাগঞ্জ সদর ইউনিয়ন ছাত্রলীগের সহসভাপতি এনামুল হাসানকে আটক করে থানায় নেয় শায়েস্তাগঞ্জ থানার পুলিশ। পুলিশের দাবি, নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত থেকেও তিনি কার্যক্রম চালিয়ে যাচ্ছিলেন।
এনামুল হাসানকে আটকের প্রতিবাদ ও মুক্তির দাবিতে শুক্রবার দুপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা-কর্মীরা শায়েস্তাগঞ্জ থানা ঘেরাও করেন। এ সময় মাহদী হাসানের নেতৃত্বে একদল নেতা-কর্মী থানার ভেতরে প্রবেশ করে ওসির কক্ষে অবস্থান নেন। এই ঘটনাকে কেন্দ্র করেই পরে মাহদী হাসানের বিরুদ্ধে পুলিশের কাজে বাধা দেওয়ার অভিযোগ আনা হয়।
আদালতের জামিন আদেশের খবরে সংগঠনটির নেতা-কর্মীদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে বলে জানিয়েছেন আন্দোলনের সংশ্লিষ্টরা।
রিপোর্টার্স২৪/এসসি