| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

গ্রিনল্যান্ড নিয়ে যুক্তরাষ্ট্র এগোলে কী করবে ? পরিকল্পনায় ইউরোপীয় মিত্ররা

reporter
  • আপডেট টাইম: জানুয়ারী ০৭, ২০২৬ ইং | ১৯:৩৩:৬:অপরাহ্ন  |  40871 বার পঠিত
গ্রিনল্যান্ড নিয়ে যুক্তরাষ্ট্র এগোলে কী করবে ? পরিকল্পনায় ইউরোপীয় মিত্ররা
ছবির ক্যাপশন: ছবি: রয়টার্স

আন্তর্জাতিক ডেস্ক: গ্রিনল্যান্ড দখলের বিষয়ে যুক্তরাষ্ট্র যদি কোনো পদক্ষেপ নেয়, সে ক্ষেত্রে কীভাবে প্রতিক্রিয়া জানানো হবে তা নিয়ে ইউরোপীয় মিত্ররা যৌথ পরিকল্পনা নিয়ে কাজ করছে। ফ্রান্স ও জার্মানিসহ কয়েকটি দেশ এ বিষয়ে ডেনমার্কের সঙ্গে ঘনিষ্ঠভাবে আলোচনা করছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আবারও গ্রিনল্যান্ডকে যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে নেওয়ার আগ্রহ প্রকাশ করায় ইউরোপে উদ্বেগ তৈরি হয়েছে। ডেনমার্কের অধীন স্বায়ত্তশাসিত এই দ্বীপটি দখলের জন্য যুক্তরাষ্ট্র যদি সামরিক পদক্ষেপ নেয়, তবে তা ন্যাটো জোটে বড় ধরনের অস্থিরতা তৈরি করবে বলে আশঙ্কা করা হচ্ছে।

ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী জ্যাঁ-নোয়েল ব্যারো বলেছেন, জার্মানি ও পোল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে বৈঠকে গ্রিনল্যান্ড ইস্যুটি আলোচনায় উঠবে।

তিনি বলেন, আমরা পদক্ষেপ নিতে চাই, তবে তা ইউরোপীয় অংশীদারদের সঙ্গে একসঙ্গেই নিতে চাই।

জার্মান সরকারের একটি সূত্র জানিয়েছে, গ্রিনল্যান্ড নিয়ে পরবর্তী করণীয় নির্ধারণে ডেনমার্ক ও অন্যান্য ইউরোপীয় দেশের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করছে জার্মানি।

একজন জ্যেষ্ঠ ইউরোপীয় কর্মকর্তা বলেন, প্রতিক্রিয়া সমন্বয়ের নেতৃত্ব ডেনমার্কেরই দেওয়া উচিত, তবে ডেনমার্ক এখনো স্পষ্টভাবে জানায়নি তারা ইউরোপের কাছ থেকে কী ধরনের সহায়তা প্রত্যাশা করছে।

২০১৯ সালে প্রথমবার গ্রিনল্যান্ড কেনার আগ্রহ প্রকাশ করেছিলেন ট্রাম্প। সম্প্রতি তিনি আবারও বলেছেন, যুক্তরাষ্ট্রের সামরিক কৌশলের জন্য গ্রিনল্যান্ড অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ডেনমার্ক দ্বীপটির নিরাপত্তা যথাযথভাবে নিশ্চিত করতে পারছে না।

হোয়াইট হাউস জানিয়েছে, গ্রিনল্যান্ড অধিগ্রহণে বিভিন্ন বিকল্প এমনকি সামরিক ব্যবস্থাও নিয়ে আলোচনা চলছে, যদিও ইউরোপীয় দেশগুলো এর বিরোধিতা করছে।

তবে ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী ব্যারো জানান, মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও তাকে নিশ্চিত করেছেন যে গ্রিনল্যান্ডে সামরিক আগ্রাসনের বিষয়টি যুক্তরাষ্ট্র বিবেচনা করছে না।

ভেনেজুয়েলা ঘটনার পর বাড়তি উদ্বেগ

সম্প্রতি যুক্তরাষ্ট্রের এক অভিযানে ভেনেজুয়েলার নেতা আটক হওয়ার ঘটনার পর ইউরোপে আশঙ্কা তৈরি হয়েছে গ্রিনল্যান্ডেও কি একই ধরনের কিছু ঘটতে পারে?

যুক্তরাষ্ট্রের এক জ্যেষ্ঠ কর্মকর্তা জানিয়েছেন, গ্রিনল্যান্ড কেনা বা অন্য উপায়ে অধিগ্রহণের বিষয়টি নিয়ে ট্রাম্প ও তাঁর উপদেষ্টারা আলোচনা করছেন। তবে ডেনমার্ক ও গ্রিনল্যান্ড স্পষ্টভাবে জানিয়েছে গ্রিনল্যান্ড বিক্রির জন্য নয়।

ডেনমার্কের আপত্তি

ডেনমার্কের পররাষ্ট্রমন্ত্রী লার্স লোক্কে রাসমুসেন ও গ্রিনল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রী ভিভিয়ান মোটজফেল্ট এই পরিস্থিতি নিয়ে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে জরুরি বৈঠকের অনুরোধ করেছেন। রাসমুসেন বলেন, এই আলোচনা আরও বাস্তবভিত্তিক হওয়া দরকার। চিৎকার-চেঁচামেচি নয়, সংলাপই সমাধান।

রাশিয়া–চীনের উপস্থিতি নিয়ে বিতর্ক

ট্রাম্প দাবি করেছেন, গ্রিনল্যান্ডের আশপাশে রুশ ও চীনা জাহাজের তৎপরতা বাড়ছে, তবে ডেনমার্ক এই দাবি নাকচ করেছে। রাসমুসেন বলেন, নুক উপসাগরে রুশ বা চীনা জাহাজ ভিড়েছে কিংবা ব্যাপক চীনা বিনিয়োগ হচ্ছে এই চিত্র সঠিক নয়। জাহাজ পর্যবেক্ষণকারী সংস্থার তথ্যেও গ্রিনল্যান্ডের কাছে রাশিয়া বা চীনের কোনো জাহাজের উপস্থিতি পাওয়া যায়নি। রয়টার্স

রিপোর্টার্স২৪/এসসি 

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪